চলতি মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে ঘরের মাঠে রিয়াল মাদ্রিদের কাছে ২-১ গোলে হেরেছে বার্সেলোনা। কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে লা লিগায় মৌসুমের প্রথম হারের স্বাদ পেয়েছে কাতালানরা। ম্যাচ শেষে এই পরাজয়ের জন্য নিজেদের ভুল ও ধীরগতির খেলাকেই দায়ী করেছেন বার্সেলোনার মিডফিল্ডার পেদ্রি।
রোববার ক্যাম্প ন্যুতে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে এমবাপ্পের গোলে এগিয়ে যায় রিয়াল। বিরতির পর রাফিনিয়ার গোলে সমতায় ফেরে বার্সেলোনা। তবে ম্যাচের ৮৭তম মিনিটে আবারও গোল করে রিয়ালকে জয় এনে দেন ফরাসি তারকা এমবাপ্পে।
ম্যাচ শেষে ডিএজেডএনকে দেওয়া সাক্ষাৎকারে নিজেদের পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করেন পেদ্রি। স্প্যানিশ এই মিডফিল্ডার স্বীকার করেন, বিশেষ করে প্রথমার্ধে নিজেদের স্বাভাবিক ছন্দে খেলতে পারেনি বার্সেলোনা। ধীরগতিতে বল আদান-প্রদান এবং অপ্রয়োজনীয় ভুলের খেসারত দিতে হয়েছে দলকে।
পেদ্রি বলেন, ‘সব মিলিয়ে আমরা ভালো ম্যাচ খেলিনি। প্রথমার্ধে আমরা নিজেদের মতো ছিলাম না। অনেক কিছুই আরও ভালোভাবে করতে পারতাম। বিশেষ করে বলের গতি ছিল খুব ধীর। আমরা বারবার বোকামি করে বল হারিয়েছি। এমন দলের বিপক্ষে এসব ভুলের মূল্য দিতেই হয়।’
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ালেও রিয়ালের পাল্টা আক্রমণ সামলাতে না পারার আক্ষেপও ঝরেছে পেদ্রির কণ্ঠে।
তিনি বলেন, ‘দ্বিতীয়ার্ধে আমরা সমতায় ফিরেছিলাম এবং ভালো খেলছিলাম। কিন্তু ওদের দ্বিতীয় গোলের সময় আমরা ঠিকভাবে রক্ষণ সামলাতে পারিনি। পাল্টা আক্রমণ থেকে তারা যে বিপজ্জনক হয়ে উঠতে পারে, সেটা আমাদের জানা ছিল।’
ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে হারলেও এখনই হতাশায় ডুবে থাকতে চান না পেদ্রি। লা লিগার শিরোপা লড়াইয়ে এখনও অনেক পথ বাকি বলে মনে করেন তিনি।
‘আমরা নিজেদের সমর্থকদের সামনে এল ক্লাসিকো জিততে চেয়েছিলাম। হারায় অবশ্যই খারাপ লাগছে। তবে মৌসুম এখনও অনেক দীর্ঘ। একটি ম্যাচেই লিগ শিরোপা নির্ধারিত হয় না। এখন আমাদের পরের ম্যাচ নিয়ে ভাবতে হবে,’ যোগ করেন বার্সা মিডফিল্ডার।
এই হারে লা লিগায় বার্সেলোনার টানা নয় ম্যাচের জয়ের ধারা থেমেছে। তবে ১০ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে এখনও তালিকার শীর্ষে রয়েছে হান্সি ফ্লিকের দল। অন্যদিকে জয়ের ফলে বার্সেলোনার সঙ্গে ব্যবধান তিন পয়েন্টে নামিয়ে এনেছে রিয়াল মাদ্রিদ।
এফপি/মিব