স্পেনে মর্যাদাপূর্ণ ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড’ গ্রহণ করে যুক্তরাষ্ট্রে ফিরেই মাঠে নেমেছিলেন লিওনেল মেসি। তবে প্রত্যাবর্তনের ম্যাচটি সুখকর হয়নি আর্জেন্টাইন মহাতারকার। গোল কিংবা অ্যাসিস্টের দেখা পাননি তিনি। মেজর লিগ সকারে (এমএলএস) নিউইয়র্ক রেড বুলসের কাছে ২-০ গোলে হেরেছে তাঁর দল ইন্টার মায়ামি।
শুক্রবার (২৩ অক্টোবর) স্পেনের ওভিয়েদোতে রাজপরিবারের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে ক্রীড়াক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ পুরস্কারটি গ্রহণ করেন মেসি। ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে এককভাবে এ সম্মাননা পান আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।
এরপর যুক্তরাষ্ট্রে ফিরে শনিবার (২৪ অক্টোবর) নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন মেসি। তবে তাঁর উপস্থিতিও দলের হার ঠেকাতে পারেনি।
ম্যাচের সপ্তম মিনিটেই ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসেমিরোর আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে মায়ামি। প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিক রেড বুলস।
দ্বিতীয়ার্ধের ৫৬তম মিনিটে রিকুয়েলমে ফিলিপির বদলি হিসেবে মাঠে নামেন মেসি। সমতায় ফিরতে মায়ামি আক্রমণের চেষ্টা চালালেও প্রতিপক্ষের রক্ষণ ভাঙতে পারেনি।
উল্টো যোগ করা সময়ের প্রথম মিনিটে গোল করে রেড বুলসের জয় নিশ্চিত করেন এমিল ফোর্সবার্গ। শেষ পর্যন্ত ২-০ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয় মেসিদের।
এই হারে মায়ামির সাম্প্রতিক জয়ের ধারাতেও ছেদ পড়ল। চলতি মাসে আগের তিন ম্যাচে টানা জয় তুলে নেওয়ার পাশাপাশি প্রতিপক্ষের জালে নয়বার বল পাঠিয়েছিল দলটি। তবে রেড বুলসের বিপক্ষে সেই আক্রমণাত্মক ছন্দ ধরে রাখতে পারেনি তারা।
অন্যদিকে, গুরুত্বপূর্ণ এ জয়ে প্লে-অফে জায়গা করে নেওয়ার লড়াইয়ে নিজেদের অবস্থান ধরে রেখেছে নিউইয়র্ক রেড বুলস।
এফপি/মিব