২০২৭ অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ও নেপাল। তিন শহরের চার ভেন্যুতে হবে এই টুর্নামেন্ট। বাংলাদেশসহ ১৬ দলের প্রত্যেকেই গ্রুপ পর্বে তিনটি করে ম্যাচ পাচ্ছে।
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের পর্দা নামবে ৬ ফেব্রুয়ারি।
বুধবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) টুর্নামেন্টটির সময়সূচি প্রকাশ করেছে।
দুই আয়োজক দেশের মোট চারটি ভেন্যুতে ৪১টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ভেন্যুগুলো হলো বাংলাদেশের চট্টগ্রাম ও সিলেট এবং আরেক আয়োজক নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন ইউনিভার্সিটি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও আপার মুলপানি আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ড বিশ্বকাপ আয়োজন করবে।
‘এ’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে আছে আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং সহ-আয়োজক নেপাল। ‘বি’ গ্রুপে রয়েছে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, পাকিস্তান ও সামোয়া।
অন্যদিকে ‘সি’ গ্রুপে বাংলাদেশ পেয়েছে অস্ট্রেলিয়া, নাইজেরিয়া এবং সংযুক্ত আরব আমিরাতকে। ‘ডি’ গ্রুপে লড়বে ইংল্যান্ড, শ্রীলঙ্কা, যুক্তরাষ্ট্র ও স্কটল্যান্ড।
আগামী ২১ জানুয়ারি চারটি ম্যাচ দিয়ে পর্দা উঠবে এই টুর্নামেন্টের। উদ্বোধনী দিনেই মাঠে নামছে আয়োজক বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সকালে দিনের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে স্বাগতিক দল। একই ভেন্যুতে বিকেলে অন্য ম্যাচে নাইজেরিয়ার মুখোমুখি হবে শক্তিশালী অস্ট্রেলিয়া।
একই দিনে কাঠমান্ডু ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে সকালে শ্রীলঙ্কা লড়বে স্কটল্যান্ডের বিপক্ষে এবং বিকেলে মুখোমুখি হবে ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্র।
গ্রুপ পর্বের খেলা চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত। এরপর প্রতি গ্রুপ থেকে শীর্ষ তিনটি দল উন্নীত হবে ‘সুপার সিক্স’ পর্বে। সুপার সিক্সে উঠে আসা দলগুলোকে দু’টি গ্রুপে ভাগ করা হবে এবং সেখান থেকে শীর্ষ দু’টি করে দল সেমিফাইনালে খেলার সুযোগ পাবে।
আগামী ৪ ফেব্রুয়ারি চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে দু’টি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। সেমিফাইনালের জন্য ৫ ফেব্রুয়ারি রিজার্ভ ডে হিসেবে রাখা হয়েছে। ৬ ফেব্রুয়ারি একই মাঠে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। ফাইনালে কোনো কারণে খেলা না হলে ৭ ফেব্রুয়ারি রাখা হয়েছে রিজার্ভ ডে।
এফপি/অ