Dhaka, Tuesday | 20 October 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 20 October 2026 | English
শিরোনাম:

‘ইয়ামালকে থামানোর সেরা কৌশল জানালেন পিএসজি কোচ’

প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ২:৪৯ পিএম  (ভিজিটর : ৬)
‘ইয়ামাল

‘ইয়ামাল

চ্যাম্পিয়নস লিগের ২০২৬–২৭ মৌসুমের লিগ পর্বে তৃতীয় ম্যাচ-ডেতে প্যারিসের পার্ক দে প্রাঁসে মুখোমুখি হচ্ছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও বার্সেলোনা। দুই দলই দারুণ ছন্দে থাকায় ম্যাচটি ঘিরে তৈরি হয়েছে বাড়তি উত্তেজনা।

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১১ ম্যাচে জিতে চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে রয়েছে বার্সেলোনা। এই সময়ে ৯ গোল করার পাশাপাশি ১০টি গোলে সহায়তা করে আলোচনায় আছেন তরুণ ফরোয়ার্ড লামিনে ইয়ামাল। বার্সেলোনার জয়ের ধারা থামাতে তাই ইয়ামালকে সামলানোও পিএসজির জন্য বড় চ্যালেঞ্জ।

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে পিএসজি কোচ লুইস এনরিকে বলেন, ইয়ামালকে নিষ্ক্রিয় রাখার সবচেয়ে কার্যকর উপায় হলো বার্সেলোনাকে বলের দখল থেকে দূরে রাখা।

তিনি বলেন, “ইয়ামালকে থামানোর সেরা উপায় হলো বার্সেলোনার কাছ থেকে বল দূরে রাখা। সে যদি বল না পায়, তাহলে সবকিছু শান্ত থাকবে। এটাই হবে আদর্শ পরিস্থিতি। তবে আমরা জানি, বাস্তবে তা করা সম্ভব হবে না। কারণ, বার্সেলোনা ও লামিনে ইয়ামালের বিপক্ষে খেলা কঠিন।”

বার্সেলোনার মতো শক্তিশালী দলকে মোকাবিলায় ব্যক্তিগত নৈপুণ্যের চেয়ে দলগত প্রচেষ্টার ওপর বেশি গুরুত্ব দিয়েছেন এনরিকে।

তিনি বলেন, “তাদের মতো মানসম্পন্ন দলকে থামাতে হলে সতর্ক থাকতে হবে এবং দল হিসেবে খেলতে হবে। তবে বিষয়টি শুধু লামিনেকে ঘিরে নয়। রাফিনিয়া, পেদ্রিসহ তাদের দলে আরও অনেক দুর্দান্ত খেলোয়াড় রয়েছে।”
মেসির সঙ্গে তুলনা নয়, নিজের পরিচয় গড়ুক ইয়ামাল

বার্সেলোনার সাবেক কোচ এনরিকের অধীনেই খেলেছেন লিওনেল মেসি। সেই মেসির সঙ্গে প্রায়ই তুলনা করা হয় ইয়ামালের। দুজনই বার্সেলোনার হয়ে খেলেছেন এবং আক্রমণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তবে ইয়ামালের সঙ্গে আর্জেন্টাইন কিংবদন্তির তুলনা করার বিষয়ে সতর্ক করেছেন এনরিকে।

তিনি বলেন, “আমি মনে করি, লামিনে নিজের মতো হতে চায় এবং সে খুব ভালো করছে। খেলার প্রতিটি দিকেই সে উন্নতি করছে। কিন্তু সর্বকালের সেরা খেলোয়াড়ের সঙ্গে তার তুলনা করলে একজনই বিজয়ী হবে। এ বিষয়ে হয়তো ভবিষ্যতে কথা বলা যেতে পারে। তবে এই মুহূর্তে মেসির সঙ্গে ইয়ামালের তুলনা করা ঠিক নয়।”

এনরিকের মতে, ইয়ামাল নিজের প্রতিভা ও পারফরম্যান্সের মাধ্যমে ইতিমধ্যেই আলাদা পরিচয় তৈরি করছেন। তাই এখনই তাঁকে মেসির সঙ্গে তুলনা না করে নিজের খেলায় আরও উন্নতি করার সুযোগ দেওয়া উচিত।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝