দিনাজপুরের নবাবগঞ্জে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানসহ বিভিন্ন যানবাহনে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের আট সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে দুটি ল্যাপটপ, ছয়টি মোবাইল ফোন, একটি করাত ও একটি কাস্তেসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে।গত ১২ অক্টোবর রাতে নবাবগঞ্জ- ভাদুরিয়া সড়কের জামালপুর এলাকায় ১২ থেকে ১৩ জনের একটি দল অস্ত্রের মুখে চালক, সহকারী ও যাত্রীদের জিম্মি করে প্রায় ১২ লাখ টাকার মালামাল লুট করে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় কাভার্ড ভ্যানের চালক মো. আরাফাত প্রামাণিকের অভিযোগের ভিত্তিতে নবাবগঞ্জ থানায় মামলা করা হয়।
তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত চালিয়ে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার মো. শাকিল সরকার, মো. রুহুল আমিন ও মো. শাহিন মিয়া এবং রংপুরের পীরগঞ্জ উপজেলার মো. রাশেদ মিয়া, মো. রবিউল প্রধান ওরফে রুবেল, মো. সাজু মিয়া, মো. আরিফুল ইসলাম ওরফে চেয়ারম্যান এবং মো. মিরাজ মিয়াকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে দুটি এইচপি ল্যাপটপ, বিভিন্ন ব্র্যান্ডের ছয়টি মোবাইল ফোন, একটি করাত ও একটি কাস্তে উদ্ধার করা হয়েছে।
ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করা এবং লুট হওয়া অবশিষ্ট মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এফপি/মিব