‘আপনারা কেউ সংখ্যালঘু নন, সবার পরিচয় বাংলাদেশি নাগরিক। আপনারা পিরোজপুরের নাগরিক, নেছারাবাদের নাগরিক।’ ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করে এ কথা বলেছেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর।সোমবার (১৯ অক্টোবর) বিকেলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পিরোজপুরের নেছারাবাদ উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধিদের হাতে উপহারসামগ্রী ও আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।
প্রতিমন্ত্রী বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা এবং অধিকারবঞ্চিত ও অসহায় মানুষের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। বিএনপি নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভাবে কাজ করছেন। ক্ষমতায় আসার কয়েক মাসের মধ্যেই সরকারের উন্নয়ন কার্যক্রম দৃশ্যমান হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। দেশের উন্নয়ন ও সমৃদ্ধি নিশ্চিত করতে সরকার দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে।
তিনি আরও বলেন, যারা দেশের ও এলাকার উন্নয়নে কাজ করবেন, জনগণ তাঁদেরই সমর্থন দেবেন। ভালো কাজের মূল্যায়ন ও স্বীকৃতি রাজনীতিবিদদের জনসেবায় আরও উৎসাহিত করে।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষকে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তাঁদের পাশে রয়েছেন এবং তাঁদের কল্যাণে সহযোগিতা অব্যাহত রাখতে কাজ করছেন।
সনাতন ধর্মাবলম্বীদের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তাঁরা দেশের মানুষের পাশে ছিলেন। একইভাবে ২০২৪ সালের আন্দোলনেও তাঁদের সহযোগিতা ছিল। দেশের স্বার্থ ও সার্বিক উন্নয়নে ‘সবার আগে বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে ভবিষ্যতেও তাঁদের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধিদের দাবির পরিপ্রেক্ষিতে প্রতিমন্ত্রী এলাকার রাস্তাঘাটের উন্নয়নসহ বিভিন্ন সমস্যা গুরুত্বের সঙ্গে সমাধানের আশ্বাস দেন। পাশাপাশি এলাকার উন্নয়ন ত্বরান্বিত করতে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন।
পরে হিন্দু সম্প্রদায়ের সবার সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন প্রতিমন্ত্রী। এ সময় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে পাওয়া শাড়ি ও কাপড় বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধিদের হাতে তুলে দেন তিনি। এ ছাড়া নিজের ব্যক্তিগত তহবিল থেকেও উপজেলার পূজামণ্ডপগুলোর জন্য আর্থিক অনুদান প্রদান করেন।
অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী নেছারাবাদ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজার আয়োজক ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাঁদের সার্বিক খোঁজখবর নেন।
এফপি/মিব