Dhaka, Monday | 19 October 2026
         
English Edition
   
Epaper | Monday | 19 October 2026 | English
শিরোনাম:
● দুর্গোৎসবের নিরাপত্তা ব্যবস্থাপনা সরেজমিনে তদারকি করলেন আনসার-ভিডিপি মহাপরিচালক   ● শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদ্‌যাপন সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত: রাষ্ট্রপতি   ● ১৬১১১-এ কল পেয়ে অসুস্থ যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠাল কোস্ট গার্ড   ● আপনারা কেউ সংখ্যালঘু নন, সবার পরিচয় বাংলাদেশি নাগরিক: প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর   ● দেশে সংখ্যাগুরু-সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি: গণপূর্ত প্রতিমন্ত্রী   ● মুন্সীগঞ্জে জাল টাকা তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার, জব্দ ২ লাখ টাকার নোট   ● কিশোরী গণধর্ষণ মামলায় ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ১    

নাগরিক ভোগান্তি কমাতে মাইগভে যুক্ত হলো সব ক্যান্টনমেন্ট বোর্ডের সেবা

প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৪:১৮ পিএম আপডেট: ১৯.১০.২০২৬ ৬:৩৩ পিএম  (ভিজিটর : ১৫)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নাগরিক সেবা সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করতে দেশের সব ক্যান্টনমেন্ট বোর্ডের নাগরিক সেবা ‘মাইগভ’ প্ল্যাটফর্মে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে এখন থেকে নাগরিকেরা ঘরে বসেই অনলাইনে বিভিন্ন সেবার জন্য আবেদন, প্রযোজ্য ক্ষেত্রে ফি পরিশোধ এবং কিউআর কোডযুক্ত সনদ সংগ্রহ করতে পারবেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের উদ্যোগে মন্ত্রিপরিষদ বিভাগের সার্বিক তত্ত্বাবধান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের আওতাধীন অ্যাসপায়ার টু ইনোভেট (এটুআই) কর্মসূচির সহযোগিতায় এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।

আগে ক্যান্টনমেন্ট বোর্ডের নাগরিক সেবা পেতে সংশ্লিষ্ট কার্যালয়ে সরাসরি উপস্থিত হয়ে আবেদন, প্রয়োজনীয় কাগজপত্র জমা, ফি পরিশোধ ও সনদ সংগ্রহ করতে হতো। একটি সেবা পেতে একাধিকবার কার্যালয়ে যাতায়াতের প্রয়োজন হওয়ায় নাগরিকদের অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় হতো। পাশাপাশি বিভিন্ন ধরনের ভোগান্তিরও সম্মুখীন হতে হতো তাঁদের।

এই ভোগান্তি কমিয়ে সেবা আরও সহজলভ্য করার লক্ষ্যে প্রথমে ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ডের দুটি নাগরিক সেবা মাইগভ প্ল্যাটফর্মে অন্তর্ভুক্ত করে পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়। পাইলট কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ার পর বাকি ১৪টি ক্যান্টনমেন্ট বোর্ডের সেবা ডিজিটালাইজ করার উদ্যোগ নেওয়া হয়।

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ কার্যক্রমের অংশ হিসেবে ২০২৬ সালের মার্চ মাসে তিনটি সেবা বিশ্লেষণ কর্মশালার আয়োজন করা হয়। এতে সংশ্লিষ্ট ১৪টি ক্যান্টনমেন্ট বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। কর্মশালায় ৬৩ ধরনের নাগরিক সেবা পর্যালোচনা ও বিশ্লেষণ করে ডিজিটালাইজেশনের জন্য ১৯টি মৌলিক সেবা চিহ্নিত করা হয়। এসব সেবার আওতায় বিভিন্ন ক্যান্টনমেন্ট বোর্ডের জন্য ১৮৫টি অনলাইন আবেদন ফরম তৈরি করা হয়।

পরবর্তী সময়ে ২০২৬ সালের জুন ও জুলাই মাসে সাতটি অঞ্চলভিত্তিক যাচাই কর্মশালার মাধ্যমে অনলাইন আবেদন ফরম, সেবার ফি, কার্যপ্রবাহ ও সংশ্লিষ্ট টেমপ্লেট যাচাই করে চূড়ান্ত করা হয়।

এ ছাড়া আগস্ট ও সেপ্টেম্বর মাসে সব ক্যান্টনমেন্ট বোর্ডের ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসারসহ মোট ১৪০ জন কর্মকর্তা-কর্মচারীকে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। এর মাধ্যমে ডিজিটাল প্ল্যাটফর্মে সেবা ব্যবস্থাপনা ও দাপ্তরিক কার্যক্রম পরিচালনার প্রস্তুতি সম্পন্ন হয়।

বর্তমানে ১৯টি মৌলিক সেবার বিপরীতে তৈরি ১৮৫টি অনলাইন আবেদন ফরম মাইগভ প্ল্যাটফর্মে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। নাগরিকেরা এখন অনলাইনে আবেদন করার পাশাপাশি আবেদনের অগ্রগতি পর্যবেক্ষণ এবং সেবা সম্পর্কে মতামত জানাতে পারবেন। প্রযোজ্য ক্ষেত্রে অনলাইনে ফি পরিশোধ ও কিউআর কোডযুক্ত সনদ বা সেবা গ্রহণের সুবিধাও থাকবে।

অন্যদিকে, ক্যান্টনমেন্ট বোর্ডগুলো একই প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইনে আবেদন গ্রহণ, যাচাই, তদন্ত, প্রক্রিয়াকরণ ও চূড়ান্ত নিষ্পত্তি করতে পারবে। এতে দাপ্তরিক কার্যক্রমের গতি বাড়বে, কাগজের ব্যবহার কমবে এবং সেবা ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, নাগরিক সেবা সহজীকরণ ও ডিজিটাল রূপান্তরের ধারাবাহিকতায় ক্যান্টনমেন্ট বোর্ডের সেবাগুলো মাইগভ প্ল্যাটফর্মে অন্তর্ভুক্ত করার মাধ্যমে সমন্বিত ও প্রযুক্তিনির্ভর সেবা ব্যবস্থাপনার নতুন সুযোগ তৈরি হয়েছে।

এফপি/মিব

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝