প্রকৃতির সৌন্দর্য, পরিবেশের সংকট ও জীববৈচিত্র্য সংরক্ষণের নানা বিষয় তুলে ধরে জাতীয় পর্যায়ে সম্মাননা পেয়েছেন নেত্রকোনার সাংবাদিক জাহিদ হাসান। চ্যানেল আইয়ের ‘প্রকৃতি সংবাদে’ প্রচারিত প্রতিবেদনগুলোর মধ্যে তাঁর প্রতিবেদনকে সেরা হিসেবে নির্বাচিত করে ‘সেরা প্রতিবেদক ২০২৬’ সম্মাননা দিয়েছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন।
গত ১৭ অক্টোবর প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের আয়োজনে চ্যানেল আইয়ের নিজস্ব ভবনের ছাদবারান্দায় অনুষ্ঠিত সাংবাদিকদের মহাসম্মেলনে তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত এ সম্মেলনে প্রকৃতি, পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ এবং চ্যানেল আইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ ও বন্যপ্রাণী বিশেষজ্ঞ অধ্যাপক ড. মনিরুল খান, অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন, ড. ইশতিয়াক সোবহান, সাবেক প্রধান বন সংরক্ষক ইশতিয়াক উদ্দিন আহমদ, ইস্টার্ন ব্যাংকের এসইভিপি মো. আব্দুস সালাম, চ্যানেল আইয়ের প্রধান বার্তা সম্পাদক ও চ্যানেল আই অনলাইনের সম্পাদক জাহিদ নেওয়াজ খান, বার্তা সম্পাদক মীর মাসরুর জামান এবং চ্যানেল আইয়ের জয়েন্ট অ্যাসাইনমেন্ট এডিটর (নিউজ) তারিকুল ইসলাম মাসুমসহ বিশিষ্ট ব্যক্তিরা।
প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইমপ্রেস গ্রুপের ভাইস চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু জাহিদ হাসানের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
সম্মাননাপত্রে বলা হয়, চ্যানেল আইয়ের ‘প্রকৃতি সংবাদে’ প্রচারিত প্রতিবেদনগুলোর মধ্যে অসাধারণ প্রতিবেদন উপস্থাপনের স্বীকৃতিস্বরূপ নেত্রকোনার জেলা প্রতিনিধি জাহিদ হাসানকে ‘সেরা প্রতিবেদক ২০২৬’ সম্মাননায় ভূষিত করা হয়েছে। এতে প্রকৃতি, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে তাঁর বস্তুনিষ্ঠ ও সৃজনশীল প্রতিবেদনের মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদানের ধারাবাহিকতা কামনা করা হয়।
তৃণমূলের সাংবাদিকতায় নতুন দৃষ্টান্ত
রাজধানী কেন্দ্রিক গণমাধ্যমের বাইরে জেলা, উপজেলা ও গ্রাম পর্যায়ে কর্মরত সাংবাদিকেরা প্রকৃতি, পরিবেশ ও জীববৈচিত্র্যের নানা গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। নদী ও হাওরের সংকট, বনভূমির বিপন্নতা, কৃষি ও গ্রামীণ জনপদের পরিবর্তন এবং মানুষের জীবন-জীবিকার সঙ্গে প্রকৃতির সম্পর্ক তাঁদের প্রতিবেদনে উঠে আসে। তবে মাঠপর্যায়ের এসব সাংবাদিকের কাজ জাতীয় পর্যায়ে স্বীকৃতি পাওয়ার সুযোগ তুলনামূলকভাবে সীমিত।
এমন প্রেক্ষাপটে জাহিদ হাসানের এই অর্জন তৃণমূলের প্রকৃতি সাংবাদিকতার জন্য একটি উল্লেখযোগ্য ঘটনা। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, জেলা ও তৃণমূল পর্যায়ে প্রকৃতি সাংবাদিকতার জন্য এ ধরনের সম্মাননা এবারই প্রথম। এই স্বীকৃতি প্রান্তিক পর্যায়ে কর্মরত সাংবাদিকদের কাজের মূল্যায়নের ক্ষেত্রেও তাৎপর্যপূর্ণ।
প্রকৃতির গল্প থেকে জাতীয় স্বীকৃতি
নেত্রকোনার নদ-নদী, পাহাড়ি জনপদ, গ্রামীণ জীবন, কৃষি ও প্রাকৃতিক বৈচিত্র্যের নানা দিক নিয়ে প্রতিবেদন তৈরি করে আসছেন জাহিদ হাসান। স্থানীয় জনপদের সমস্যা, সম্ভাবনা ও প্রকৃতির পরিবর্তন জাতীয় গণমাধ্যমে তুলে ধরা তাঁর সাংবাদিকতার অন্যতম ক্ষেত্র।
প্রকৃতি সংরক্ষণ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সাংবাদিকতার ভূমিকা গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ প্রতিবেদন মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে পারে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে পারে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রকৃতি সংরক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরতে পারে।
চ্যানেল আইয়ের ‘প্রকৃতি সংবাদে’ সেরা প্রতিবেদক হিসেবে জাহিদ হাসানের এই স্বীকৃতি প্রকৃতি ও পরিবেশবিষয়ক সাংবাদিকতায় তৃণমূল পর্যায়ের সাংবাদিকদের আরও উৎসাহিত করবে বলে আশা করা যায়।
এফপি/মিব