দেশে সংখ্যাগুরু ও সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি। সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।সোমবার (১৯ অক্টোবর) দুপুরে পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে উপজেলার ২৫টি পূজামণ্ডপে বিশেষ আর্থিক অনুদান ও উপহারসামগ্রী বিতরণ করা হয়।
প্রতিমন্ত্রী বলেন, সরকার সব সময় সনাতন ধর্মাবলম্বীদের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান, পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতি বজায় রেখে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআরডিবির অবসরপ্রাপ্ত মহাপরিচালক সুপ্রিয় কুমার কুন্ড, কাউখালী উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবির, সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি মো. মনিরুজ্জামান মিয়া, সাবেক সদস্যসচিব মো. শাফিউল আজম দুলাল এবং সাংগঠনিক সম্পাদক মো. লিয়াকত আলী তালুকদার। এ ছাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. রাকিব তালুকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এফপি/মিব