Dhaka, Tuesday | 20 October 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 20 October 2026 | English
শিরোনাম:

রংপুরের পথে প্রধানমন্ত্রী

প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ১০:৩৮ এএম  (ভিজিটর : ২৬)

দুর্গোৎসবের নবমীতে ঢাকার বাইরে হিন্দু সম্প্রদায়ের পূজামণ্ডপ পরিদর্শনে বের হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল পৌনে ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে একটি সামরিক বিমানে রংপুরের উদ্দেশে যাত্রা করেন তিনি।
 
আজ মঙ্গলবার দিনব্যাপী সফরে রংপুর, রাজশাহী ও চট্টগ্রামের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন এবং পূজারিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। সফর শেষে রাতে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী জানান, সকাল পৌনে ৯টায় প্রধানমন্ত্রী তেজগাঁও বিমানবন্দর থেকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশে রওনা হন। সেখান থেকে সড়কপথে রংপুরের রাধা গোবিন্দ মন্দিরের ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শনে যাবেন তিনি।

সকাল ১০টায় পূজামণ্ডপ পরিদর্শন এবং পুণ্যার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের কর্মসূচি নির্ধারিত রয়েছে।ৎ

প্রেসসচিব আরো বলেন, এদিন প্রধানমন্ত্রী রাজশাহী ও চট্টগ্রামের পূজামণ্ডপও পরিদর্শন করবেন। তিন মহানগরে পূজামণ্ডপ পরিদর্শন শেষে রাতে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।
 
রংপুরের কর্মসূচি শেষে দুপুরের আগে সৈয়দপুর বিমানবন্দর থেকে রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করবেন তারেক রহমান।

কর্মসূচি অনুযায়ী, দুপুর সোয়া ১টায় রাজশাহীর ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করবেন তিনি। এরপর দুপুর সোয়া ২টায় রাজশাহী সার্কিট হাউসে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে কিছুক্ষণ যাত্রাবিরতি ও বিশ্রাম শেষে বিকেল ৩টায় নগরীর হাজী মুহাম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় যোগ দেবেন তিনি।

রাজশাহীর কর্মসূচি শেষে বিকেল সোয়া ৪টায় শাহ মখদুম বিমানবন্দর থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। বিকেল সাড়ে ৫টায় চট্টগ্রাম বিমানবন্দর থেকে নগরীর রহমতগঞ্জের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাবেন তিনি।

সেখানে পূজামণ্ডপ পরিদর্শন ও সংশ্লিষ্টদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের কর্মসূচি রয়েছে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝