Dhaka, Sunday | 18 October 2026
         
English Edition
   
Epaper | Sunday | 18 October 2026 | English
শিরোনাম:

দুর্গোৎসবের নিরাপত্তায় সতর্ক থাকার নির্দেশ ঢাকা রেঞ্জের উপমহাপরিচালকের

প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ৮:২৩ পিএম আপডেট: ১৮.১০.২০২৬ ৮:৩২ পিএম  (ভিজিটর : ২০)
বড় বাড়ি সার্বজনীন দুর্গামন্দির

বড় বাড়ি সার্বজনীন দুর্গামন্দির

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার কলাকোপা এলাকার বাগমারা সার্বজনীন দুর্গামন্দির ও বর্ধনপাড়া বড় বাড়ি সার্বজনীন দুর্গামন্দির পরিদর্শন করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক মো. আসাদুজ্জামান গনী, বিভিএম, পিভিএমএস।

রোববার (১৮ অক্টোবর) পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে পর্যালোচনা করেন। এ সময় দায়িত্বপ্রাপ্ত আনসার-ভিডিপি সদস্যদের সর্বোচ্চ সতর্কতা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি।

একই সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, সম্ভাব্য ঝুঁকি দ্রুত শনাক্ত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার ওপর গুরুত্বারোপ করেন উপমহাপরিচালক।

এ সময় পূজামণ্ডপের নিরাপত্তা জোরদার এবং তাৎক্ষণিক তথ্য আদান-প্রদানে ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’-এর কার্যকর ব্যবহার নিশ্চিত করার নির্দেশনা দেন তিনি। দুর্গোৎসবের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর নজরদারি ও দ্রুত সাড়া প্রদানের গুরুত্বও তুলে ধরেন তিনি।

এদিকে, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনে আনসার-ভিডিপি সদস্যদের দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেছেন বিভিন্ন পূজামণ্ডপের উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ ও আয়োজকেরা। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, শৃঙ্খলা বজায় রাখা এবং দর্শনার্থীদের নির্বিঘ্নে চলাচলে সহযোগিতার ক্ষেত্রে সদস্যদের সতর্কতা ও পেশাদারত্বের বিষয়টি তাঁরা ইতিবাচকভাবে তুলে ধরেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ আনসার ব্যাটালিয়ন (২১ বিএন)-এর পরিচালক মো. সাজেদুর রহমান, বিভিএম; আনসার-ভিডিপি ঢাকা জেলার জেলা কমান্ড্যান্ট মো. রাশেদুজ্জামান, বিভিএমএস; এবং নবাবগঞ্জ উপজেলা আনসার কর্মকর্তা মো. বাদল মিয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উল্লেখ্য, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীর সদস্যদের দায়িত্বশীল উপস্থিতি এবং সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বিত কার্যক্রম অব্যাহত রয়েছে।

এফপি/মিব

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝