রাজধানীর আবদুল গণি রোডে অবস্থিত বাংলাদেশ সচিবালয় শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলার মাঠে স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় তোলা হয়েছে।রোববার (১৮ অক্টোবর) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাব নিয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানান, শেরেবাংলা নগরে ৩১ দশমিক ৫১ একর জমিতে ১২ তলাবিশিষ্ট ১৪টি ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে। এসব ভবনে প্রায় ৩২ লাখ বর্গফুট জায়গা থাকবে। ২০২৯ সালের মধ্যে নতুন স্থানে দাপ্তরিক কার্যক্রম শুরু করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
আবদুল গণি রোডে অবস্থিত বর্তমান সচিবালয় স্থানান্তরের বিষয়টি দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছে। সাম্প্রতিক সময়ে এ উদ্যোগ নতুন করে গুরুত্ব পেয়েছে।
বর্তমান সচিবালয় এলাকায় নিম্ন আদালতের কার্যক্রম শুরুর একটি প্রস্তাবও আলোচনায় এসেছে। এ প্রেক্ষাপটে সচিবালয় শেরেবাংলা নগরে স্থানান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে।
এফপি/মিব