ডেঙ্গু প্রতিরোধে সরকার ঘোষিত প্রতি শনিবার সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকায় পরিচালিত বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান সরজমিনে পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি।
শনিবার (১৭ অক্টোবর) আকস্মিক পরিদর্শনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী শনিবার সকালে ধানমন্ডি গভঃ বয়েজ হাই স্কুল, গ্রিনরোড সরকারি স্টাফ কোয়ার্টার এবং আজিমপুরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসন এলাকা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রী ধানমন্ডি গভঃ বয়েজ হাই স্কুলের শিক্ষার্থীদের উদ্দেশ্যে পরিবেশ রক্ষা, ডেঙ্গু নিয়ন্ত্রণ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে এবং পরিবেশ দূষণ রোধে শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করেন।
পরবর্তীতে গ্রিনরোড ও আজিমপুরের সরকারি আবাসন এলাকা পরিদর্শনের সময় মাননীয় প্রধানমন্ত্রী স্থানীয় বাসিন্দাদের সাথে মতবিনিময় করেন। তিনি নিজ নিজ আঙ্গিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং জমা পানি অপসারণের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানান। এছাড়া প্রধানমন্ত্রী এলাকার মূল সড়ক এবং আশপাশের সামগ্রিক পরিচ্ছন্নতা কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুস সালামসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ কর্মসূচির ধারাবাহিকতায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭৫টি ওয়ার্ডেই একযোগে এই বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। এ কর্মসূচিতে সিটি কর্পোরেশনের নিয়মিত পরিচ্ছন্নতাকর্মী ও মশক নিধনকর্মীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। সাধারণ মানুষের মাঝে জনসচেতনতা বৃদ্ধিতে দিনব্যাপী বিভিন্ন ওয়ার্ডে মাইকিং ও সচেতনতামূলক র্যালির আয়োজন করা হয়।
নিউমার্কেট এলাকায় 'ক্লিনিং ডে' কর্মসূচির উদ্বোধন করেন ডিএসসিসি প্রশাসক