Dhaka, Saturday | 17 October 2026
         
English Edition
   
Epaper | Saturday | 17 October 2026 | English
শিরোনাম:

নেছারাবাদে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৩:৪৭ পিএম আপডেট: ১৭.১০.২০২৬ ৩:৫৩ পিএম  (ভিজিটর : ৬)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ে খানার তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর সুমন।


উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রতিমন্ত্রী তথ্য সংগ্রহ ও ফ্যামিলি কার্ড বিতরণে স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।


তিনি বলেন, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কিংবা বিতরণের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম, পক্ষপাতিত্ব ও দলীয়করণ বরদাশত করা হবে না। ধর্ম, বর্ণ, জাতি, গোষ্ঠী কিংবা রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা বিবেচনায় না নিয়ে প্রকৃত যোগ্য পরিবারগুলোকে তালিকাভুক্ত করতে হবে। কোনো যোগ্য পরিবার যেন এ কর্মসূচি থেকে বাদ না পড়ে, তা নিশ্চিত করতে হবে।


প্রতিমন্ত্রী আরও বলেন, ফ্যামিলি কার্ড বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি। বর্তমান সরকার সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে। বিশেষ করে নারীদের সংসারের ব্যয় নির্বাহে সহায়তা এবং তাঁদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকৃত উপকারভোগীরা যাতে এ সুবিধা পান, সে জন্য তথ্য সংগ্রহের প্রতিটি ধাপে সতর্কতা অবলম্বন করতে হবে। পর্যায়ক্রমে দেশের প্রতিটি ইউনিয়নে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।


এ সময় তিনি মাঠপর্যায়ে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হান মাহমুদ, উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, স্বরূপকাঠি পৌরসভার সাবেক মেয়র শফিকুল ইসলাম ফরিদ, স্বরূপকাঠি পৌর বিএনপির সভাপতি কাজী কামাল, সাধারণ সম্পাদক মঈনুল হাসান এবং সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ওয়াহিদুজ্জামান মানিক। এ ছাড়া স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এফপি/মিব

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝