Dhaka, Saturday | 17 October 2026
         
English Edition
   
Epaper | Saturday | 17 October 2026 | English
শিরোনাম:

সেই বিকৃত পর্নো ভিডিও নিয়ে ক্ষোভ ঝাড়লেন পরীমনি

প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৩:৪৮ পিএম  (ভিজিটর : ৪৪)

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি অভিনেত্রী পরীমনির আপত্তিকর বিকৃত ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এই অভিনেত্রী। মাছরাঙা টেলিভিশন চ্যানেলের ইনস্টাগ্রাম পেজ থেকে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করলেও তাতে সন্তুষ্ট নন তিনি।

পরীমনির অভিযোগ, শুধু ক্ষমা চেয়ে দায় এড়ানোর সুযোগ নেই। এই ঘটনায় তার স্বাভাবিক জীবন, কাজ ও মানসিক শান্তি ক্ষতিগ্রস্ত হয়েছে।

কিছুদিন আগে টেলিভিশন চ্যানেলটির ইনস্টাগ্রাম পেজে দুই তারকা অভিনেত্রীর আপত্তিকর বিকৃত ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওগুলো কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি বলে ধারণা করা হয়।

পরে চ্যানেল কর্তৃপক্ষ জানায়, তাদের ইনস্টাগ্রাম পেজটি হ্যাক হয়েছিল এবং হ্যাকাররাই ভিডিওগুলো প্রকাশ করেছে।
এ ঘটনায় দুঃখ প্রকাশ করে চ্যানেলটি। তবে ভিডিওর শিকার হওয়া অভিনেত্রী পরীমনির মতে, বিষয়টি কেবল দুঃখ প্রকাশের মধ্যেই সীমাবদ্ধ থাকতে পারে না। তার দাবি, ভিডিওটি অনেক আগে তৈরি হলেও ওই চ্যানেলের পেজের মাধ্যমে তা দেশজুড়ে ছড়িয়ে পড়ে।

গতকাল শুক্রবার রাতে ফেসবুক লাইভে এসে এ ঘটনায় নিজের ক্ষোভ প্রকাশ করেন ‘স্বপ্নজাল’ অভিনেত্রী। কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে নেতিবাচক আলোচনা ও কটূক্তির প্রতিবাদ জানান তিনি। লাইভে চ্যানেল কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন পরীমনি।

তিনি বলেন, ‘ওরা এতবড় পাওয়ারফুল একটা মিডিয়া, ১১ ঘণ্টা তো ঝুলেই ছিল। তো প্রমাণ করতে পারল না? নিজেদের কন্ট্রোলে নিতে পারল না? আইন, এত প্রশাসন এগুলো দিয়ে কি সম্ভব ছিল না? এর বিপরীতে আপনি মোটেও বলতে পারেন না, পেজ হ্যাক হয়েছে।

তাহলে আমিও বলি, আমার পেজ হ্যাক হয়েছে!’
ভিডিওটি নিয়ে যারা নেতিবাচক আলোচনা করেছেন, তাদেরও কটাক্ষ করেন পরীমনি। ক্ষোভের সুরে তিনি বলেন, ‘তোমরা যখন ভিডিওটি নিয়ে এত মাতামাতি করছিলে, তখন আমার ইচ্ছে হচ্ছিল একটি খোলামেলা ফটোশুট করে ফেলি।’

পরিমনির ফেসবুক পোষ্ট

পরিমনির ফেসবুক পোষ্ট







অভিনেত্রীর মতে, যাদের মধ্যে বোধবুদ্ধি রয়েছে, তারা ভিডিওটি দেখেও এড়িয়ে গেছেন। অন্যদিকে, যারা বিষয়টি নিয়ে নেতিবাচক চর্চা করেছেন, তারাই সামাজিক যোগাযোগ মাধ্যমে তা নিয়ে বেশি আলোচনা করেছেন।

এ প্রসঙ্গে পরীমনি বলেন, “দিনশেষে ভিডিওটা আমিও দেখলাম, সবাই দেখল। দেখার পর যারা এভয়েড করার দরকার, তারা স্কিপ করেছে। আর যারা এই ভিডিওকে নিজেদের জীবন, যৌবন, নিঃশ্বাস বানিয়ে ফেলেছে, তারা অনলাইনে এসেই এটা নিয়ে কথা বলছে। দেখা গেল, কেউ হজের পোস্ট করল, তার কমেন্ট বক্সেও গিয়ে লিখেছে, ‘পরীমনির লিংক আছে আমার কাছে’। মানে, তার জীবনের অর্জন যেন এটুকুই। ভুয়া একটা জিনিস নিয়ে তোমার এই অবস্থা, আসল হলে কী করতে!”

ফেসবুক লাইভে আরো নানা বিষয়ে কথা বলেন পরীমনি। পরে অবশ্য নিজের পেজ থেকে লাইভটি সরিয়ে নেন তিনি। এরপর শনিবার দুপুরে ওই টেলিভিশন চ্যানেলকে উদ্দেশ করে একটি পোস্ট দেন অভিনেত্রী। সেখানে নিজের ব্যক্তিগত জীবন ও কাজের ওপর এ ঘটনার প্রভাব তুলে ধরেন তিনি।

পরীমনি লেখেন, ‘ডিয়ার মাছরাঙা টেলিভিশন, আপনাদের এই জাস্ট একটা ফটো কার্ডের দুঃখ প্রকাশ কোনো কাজে দিচ্ছে না একদমই। এই যে আমার স্বাভাবিক জীবনটা এইভাবে আবার দুর্বিষহ করে দিয়েছেন এর সম্পূর্ণ দায়ভার আপনাদের। আমি সোশ্যাল মিডিয়ায় কোনো রকম কোনো পোস্ট করতে পারছি না (হোক সেটা আমার কাজের বা আমার ব্যক্তিগত)। এমনকি আমার বাচ্চাদের ছবিও বাদ যাচ্ছে না হাজার হাজার হেটিং কমেন্টস থেকে। কি করব বলেন এবার। আমার জীবনের মানসিক শান্তি নষ্ট করে দিলেন! আমার কাজ নষ্ট করে দিলেন। এরপর কি বাকি থাকল আর। আপনারা বলেছেন অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসবেন। আর কবে আনবেন সেটা। আমার কাছে অপরাধী তো এখন আপনারা।’

পোস্টে চ্যানেল কর্তৃপক্ষের কাছে জবাবদিহি দাবি করেছেন অভিনেত্রী। তার বক্তব্য, অভিযুক্তদের আইনের আওতায় আনার আশ্বাস দেওয়া হলেও এখন পর্যন্ত কার্যকর পদক্ষেপের বিষয়ে তিনি সন্তুষ্ট নন। বরং এ ঘটনার কারণে তাকে ও তার সন্তানদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক মন্তব্য করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝