Dhaka, Tuesday | 29 September 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 29 September 2026 | English
শিরোনাম:

এবার ঢাকায় আসছেন পাকিস্তানের ‘তেরে বিন’ অভিনেতা

প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২৩ পিএম আপডেট: ২৯.০৯.২০২৬ ৮:২৬ পিএম  (ভিজিটর : ১৪)
পাকিস্তানি অভিনেতা ওহাজ আলী।

পাকিস্তানি অভিনেতা ওহাজ আলী।

‘তেরে বিন’ নাটকে মুরতাসিম চরিত্রে অভিনয় করে দক্ষিণ এশিয়ার দর্শকদের কাছে ব্যাপক পরিচিতি পেয়েছেন পাকিস্তানি অভিনেতা ওহাজ আলী। এবার বাংলাদেশের ভক্তদের সঙ্গে দেখা করতে ঢাকায় আসছেন জনপ্রিয় এই তারকা।

আগামী ২ ও ৩ অক্টোবর ঢাকার একটি আয়োজনে অংশ নেবেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় নিজেই বাংলাদেশ সফরের খবর জানিয়েছেন ওহাজ আলী। বাংলাদেশি দর্শকদের উদ্দেশে তিনি বলেন, ‘হ্যালো বাংলাদেশ, আমি ওহাজ। খুব শিগগিরই অনুষ্ঠিত হতে যাওয়া ‘ইমিরা: দ্য ওয়েডিং চ্যাপ্টার’-এর ব্যাপারে আমি ভীষণ উচ্ছ্বসিত।

আপনাদের সবার সঙ্গে দেখা করতে, একসঙ্গে কিছুটা সময় কাটাতে এবং দারুণ কিছু স্মৃতি তৈরি করতে আর অপেক্ষা করতে পারছি না।’

ভিডিও বার্তায় তিনি আরো বলেন, ‘তাহলে দেখা হচ্ছে ‘ইমিরা: দ্য ওয়েডিং চ্যাপ্টার’-এ। সেখানে আপনাদের সবার সঙ্গে দেখা হওয়ার অপেক্ষায় আছি। ততক্ষণ পর্যন্ত সৃষ্টিকর্তা আপনাদের মঙ্গল করুন।

জানা গেছে, আগামী ২ ও ৩ অক্টোবর ঢাকার একটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে ‘ইমিরা: দ্য ওয়েডিং চ্যাপ্টার’। 

এ বিষয়ে আয়োজক কর্তৃপক্ষ জানায়, একটি প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। ব্যক্তিগত অতিথি হিসেবে সেই অনুষ্ঠানে যোগ দেবেন ওহাজ আলী। মূলত আয়োজনের সমাপনী পর্বে অংশ নিতেই বাংলাদেশে আসছেন তিনি।

আয়োজক কর্তৃপক্ষের ভাষ্য, অনুষ্ঠানে অর্থ ব্যয়কারীদের মধ্য থেকে লটারির মাধ্যমে কয়েকজন বিজয়ী নির্বাচন করা হবে।

তারা ওহাজ আলীর সঙ্গে দেখা করার সুযোগ পাবেন। বিজয়ীর সংখ্যা কত হবে, তা আয়োজকদের সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত হবে।

বলা দরকার, পাকিস্তানের টেলিভিশন নাটকের পরিচিত মুখ ওহাজ আলী। ২০১৫ সালে ‘ইশক ইবাদত’ নাটকের মাধ্যমে প্রধান অভিনেতা হিসেবে তার অভিষেক হয়। এরপর ‘হারি হারি চুড়িয়াঁ’, ‘দিল নওয়াজ’, ‘মাহ-এ-তামাম’, ‘দিল-এ-বেরহাম’, ‘ভরাম’, ‘ফিতুর’ ও ‘ইশক জালেবি’র মতো একাধিক নাটকে অভিনয় করেছেন তিনি।

ক্যারিয়ারে ভিন্নধর্মী চরিত্রেও দেখা গেছে ওহাজকে। ২০২১ সালে ঐতিহাসিক নাটক ‘জো বিছার গায়ে’-তে বাংলাদেশের মুক্তিযোদ্ধা শাফি ইমাম রুমির চরিত্রে অভিনয় করেন তিনি। চরিত্রটি দর্শক ও সমালোচকদের মধ্যে বিশেষভাবে আলোচিত হয়।

তবে ওহাজ আলীর ক্যারিয়ারে সবচেয়ে বড় পরিচিতি এনে দেয় ‘তেরে বিন’ নাটক। ২০২২ সালের ২৮ ডিসেম্বর প্রচার শুরু হওয়া নাটকটির প্রথম মৌসুম শেষ হয় ২০২৩ সালের ৬ জুলাই। এতে মুরতাসিম খান চরিত্রে অভিনয় করেন ওহাজ। তার বিপরীতে মীরব চরিত্রে ছিলেন ইয়ুমনা জায়েদি।

মীরব ও মুরতাসিমের প্রেম, দ্বন্দ্ব ও সম্পর্কের টানাপোড়েন নিয়ে নির্মিত নাটকটি পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশ ও ভারতেও ব্যাপক জনপ্রিয়তা পায়। ‘তেরে বিন’-এর সুবাদে ওহাজ আলীর পরিচিতি ছড়িয়ে পড়ে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের দর্শকদের মধ্যে। এবার সরাসরি তার সঙ্গে দেখা করার সুযোগ পেতে পারেন বাংলাদেশের ভক্তরা।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝