বলিউড অভিনেত্রী রানি মুখার্জির মা কৃষ্ণা মুখার্জি মারা গেছেন। মঙ্গলবার দুপুরে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
প্রযোজনা সংস্থা ‘যশ রাজ ফিল্মস’-এর পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে এই খবর জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘মঙ্গলবার দুপুরে রানি মুখোপাধ্যায়ের মা শ্রীমতী কৃষ্ণা মুখোপাধ্যায়, ৭৫ বছর বয়সে প্রয়াত হয়েছেন। এই কঠিন সময়ে আপনাদের ভালবাসা, প্রার্থনা ও সমর্থনের জন্য এই পরিবার কৃতজ্ঞ। গভীর শোকের মুহূর্তে পরিবারের ব্যক্তিগত পরিসরকে সম্মান জানানোর অনুরোধ করা হচ্ছে।”
রানি ও তার পরিবারের সঙ্গে সম্প্রতি নানা অনুষ্ঠানে প্রায় দেখা যেত কৃষ্ণাকে। মায়ের সঙ্গে নিজের ঘনিষ্ঠ সম্পর্কের কথা বিভিন্ন সময়ে বলেছেন রানি। বাংলা চলচ্চিত্রজগতের সঙ্গেও যুক্ত ছিলেন কৃষ্ণা। একাধিক সিনেমায় গান গেয়েছেন তিনি। শাস্ত্রীয় সঙ্গীতে প্রশিক্ষিত শিল্পী ছিলেন কৃষ্ণা।
রানির প্রথম হিন্দি সিনেমা ‘রাজা কি আয়েগি বারাত’-এ অভিনয়ের প্রস্তাব আসে তার বাবার বন্ধু, প্রযোজক সেলিম আখতারের কাছ থেকে।
সম্প্রতি এই প্রসঙ্গে রানি জানান, মায়ের পরামর্শে তিনি অভিনয়ের সিদ্ধান্ত নেন। রানি বলেন, ‘মা হয়তো আমাদের আর্থিক পরিস্থিতি কিছুটা ভাল করার জন্য এই সিদ্ধান্ত নিয়েছিলেন। তাঁদের আশা ছিল, আমি যদি ভাল কাজ করি, তা আমাদের পরিবারের সকলের জন্য ভাল হবে।’
এফপি/অ