Dhaka, Tuesday | 22 September 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 22 September 2026 | English
শিরোনাম:

নেত্রকোনায় চার দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু

প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৫৩ পিএম  (ভিজিটর : ৩৩)

নেত্রকোনা পৌর শহরের মঈনপুর এলাকা থেকে কুলসুমা আক্তার (১০) নামে এক শিশু চার দিন ধরে নিখোঁজ রয়েছে। 

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মঈনপুর এলাকায় বড় বোনের ভাড়া বাসার সামনে থেকে বের হওয়ার পর তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তাকে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

নিখোঁজ কুলসুমা আক্তার নেত্রকোনা সদর উপজেলার বর্শিকুড়া এলাকার বাসিন্দা আব্দুল জলিল ও রাজিয়া আক্তার দম্পতির মেয়ে।

পরিবার সূত্রে জানা গেছে, কুলসুমা তার বড় বোন পলি আক্তারের মঈনপুর এলাকার ভাড়া বাসায় বেড়াতে গিয়েছিল। শুক্রবার বিকেলে বাসার সামনে বের হওয়ার পর থেকেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। কোনো সন্ধান না পেয়ে নেত্রকোনা মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

কুলসুমার বড় বোন ডলি আক্তার বলেন, “আমার ছোট বোন পলি আক্তারের মঈনপুরের ভাড়া বাসায় বেড়াতে গিয়েছিল। শুক্রবার বিকেলে বাসার সামনে বের হওয়ার পর আর তাকে খুঁজে পাওয়া যায়নি। আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন জায়গায় খোঁজ করেছি। পরে থানায় জিডি করেছি। চার দিন হয়ে গেলেও এখনো তাকে পাওয়া যায়নি। আমরা খুবই উদ্বিগ্ন।”

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, শিশুটি নিখোঁজ হওয়ার ঘটনায় থানায় জিডি করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে।

এদিকে, স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, এলাকায় শিশু নিখোঁজ, অপহরণ ও নারী-শিশু নির্যাতনের বিভিন্ন ঘটনায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ রয়েছে। নিখোঁজ শিশুটির দ্রুত সন্ধান ও নিরাপদ উদ্ধারের দাবি জানিয়েছেন স্বজন ও স্থানীয়রা। 

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝