আওয়ামী লীগের ডাকা আগামীকাল বৃহস্পতিবারের ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তার কারণ দেখিয়ে খুলনা থেকে গোপালগঞ্জ হয়ে ঢাকাগামী মাওয়া রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বুধবার দুপুর ১টার পর থেকে টুঙ্গিপাড়া এক্সপ্রেস, ইমাদ পরিবহন, দোলা ও এনাসহ বিভিন্ন পরিবহনের বাস চলাচল বন্ধ রাখা হয়। এতে আগাম টিকিট কেটে রাখা যাত্রীরা বিপাকে পড়েন।
টুঙ্গিপাড়া এক্সপ্রেসের দৌলতপুর কাউন্টারের ব্যবস্থাপক নাঈম হোসেন বলেন, লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে বাস ভাঙচুর, অগ্নিসংযোগ ও সড়ক অবরোধের ঘটনা ঘটছে। যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে বাসমালিকপক্ষ বুধবার দুপুর ১টার পর থেকে বাস চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। আগামীকাল বৃহস্পতিবার বিকেল থেকে মাওয়া রুটে আবার বাস চলাচল শুরু হতে পারে বলে তিনি জানান।
টুঙ্গিপাড়া এক্সপ্রেসের নতুন রাস্তার মোড় কাউন্টারের কর্মী রামু জানান, বুধবার দুপুরের পর থেকে ওই কাউন্টারে কোনো টিকিট বিক্রি করা হচ্ছে না। তবে সোনাডাঙ্গা বাস টার্মিনালে অবস্থিত পরিবহনটির প্রধান কার্যালয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি।
এদিকে আগাম টিকিট কেটে রাখা অনেক যাত্রী কাউন্টারে এসে বাস চলাচল বন্ধের খবর জানতে পেরে ক্ষোভ প্রকাশ করেন। বিভিন্ন উপজেলা ও প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে পরিবার-পরিজন নিয়ে খুলনায় এসে বাস বন্ধের খবর পেয়ে তাঁরা চরম ভোগান্তিতে পড়েন।
বুধবার সন্ধ্যায় খুলনার সোনাডাঙ্গা কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে যাত্রীদের এমন দুর্ভোগের চিত্র দেখা যায়।
জরুরি কাজে ঢাকায় যাওয়ার জন্য কয়রা উপজেলা থেকে খুলনায় এসেছেন উন্নয়নকর্মী রাশিদুল ইসলাম। তিনি বলেন, বাস চলাচল বন্ধের বিষয়টি আগে জানানো হলে বিকল্প ব্যবস্থা নিতে পারতেন। এখন যশোর রুট দিয়ে ঢাকায় যাওয়ার চেষ্টা করবেন।
বাস চলাচল বন্ধ থাকায় ঢাকাগামী যাত্রীদের অনেকেই বিকল্প পথে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। তবে হঠাৎ করে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন আগাম টিকিট কাটা যাত্রীরা।
এফপি/মিব