প্রায় আড়াই বছর পর গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয় খুলেছেন দলটির নেতাকর্মীরা। বুধবার (১৮ নভেম্বর) সকালে কার্যালয় খুলে সেখানে প্রবেশ করে উল্লাস প্রকাশ করেন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থকেরা। সকালে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের তালা খুলে ভেতরে প্রবেশ করেন।
পরে আওয়ামী লীগ ঘোষিত ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচি সফল করার আহ্বান জানিয়ে একটি বিক্ষোভ মিছিল বের করেন তাঁরা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র কারাবন্দী মো. কামাল হোসেন শেখের বাড়ির সামনে যায়। পরে মিছিলটি উপজেলা শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা এবং উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাবুল হাজরা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম অহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম বাদল, উপজেলা যুবলীগের সভাপতি ফজলুর রহমান দিপু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খাইরুল রাজ্জাক খসরু, উপজেলা ছাত্রলীগের সভাপতি স্বপন তালুকদার ও সাধারণ সম্পাদক শামীম দাড়িয়াসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক।
সমাবেশ থেকে আওয়ামী লীগ ঘোষিত ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচি সফল করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।
এফপি/মিব