Dhaka, Thursday | 19 November 2026
         
English Edition
   
Epaper | Thursday | 19 November 2026 | English
শিরোনাম:

শরীয়তপুরের নড়িয়া বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাধা

প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৯:০৩ পিএম  (ভিজিটর : ১৫)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

শরীয়তপুরের নড়িয়া বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাধা, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) লাকি দাসকে হেনস্তা এবং অভিযানে ব্যবহৃত একটি অটোরিকশা ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ সময় অভিযানে জব্দ করা নিষিদ্ধ পলিথিন ও প্লাস্টিকসামগ্রী ছুড়ে ফেলে দেওয়ার ঘটনাও ঘটে। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে নড়িয়া বাজারে এ ঘটনা ঘটে।

নড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাকি দাস জানান, শরীয়তপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রাসেল নোমান এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাত আক্তারকে সঙ্গে নিয়ে নড়িয়া বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি শুঁটকির দোকান থেকে প্রায় ১২২ কেজি নিষিদ্ধ পলিথিন ও নিম্নমানের প্লাস্টিকসামগ্রী জব্দ করা হয়।

তিনি জানান, সংশ্লিষ্ট ব্যবসায়ীর বিরুদ্ধে পরিবেশ আইনে ব্যবস্থা নেওয়ার কথা জানালে কয়েকশ মানুষ তাঁদের ঘিরে ধরেন। একপর্যায়ে অভিযানে অংশ নেওয়া কর্মকর্তা ও পুলিশ সদস্যদের ওপর হামলার চেষ্টা এবং তাঁদের হেনস্তা করা হয়। এ সময় জব্দ করা পলিথিন ও প্লাস্টিকসামগ্রী ছুড়ে ফেলে দেওয়া হয় এবং অভিযানে ব্যবহৃত একটি অটোরিকশা ভাঙচুর করা হয়।

লাকি দাস আরও অভিযোগ করেন, বাজার কমিটির সহসভাপতি শামীম খলিফা বিভিন্ন উসকানিমূলক মন্তব্য করে পরিস্থিতি উত্তপ্ত করতে ভূমিকা রাখেন। পরে অতিরিক্ত পুলিশ সদস্য ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল কাইয়ুম খান বলেন, নড়িয়া বাজারে সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝