বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার-ভিডিপি) মহাপরিচালক হিসেবে স্বপদে বহাল থাকছেন মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। গত ১৭ নভেম্বর ২০২৬ তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে তাঁর বদলি ও নিয়োগসংক্রান্ত পূর্ববর্তী আদেশ বাতিল করা হয়েছে। এর ফলে তাঁর নেতৃত্বে বাহিনীর চলমান উন্নয়ন, আধুনিকায়ন ও সংস্কার কার্যক্রম অব্যাহত রাখার সুযোগ তৈরি হয়েছে।
দায়িত্ব গ্রহণের পর থেকে বাহিনীর সাংগঠনিক উন্নয়ন, আধুনিকায়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সদস্যদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে দীর্ঘদিনের প্রত্যাশা বিবেচনায় অঙ্গীভূত আনসার সদস্যদের আর্থিক নিরাপত্তা, সুযোগ-সুবিধা ও পেশাগত মর্যাদা বৃদ্ধিতে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
এসব উদ্যোগের মধ্যে রয়েছে প্রচলিত রেস্ট প্রথা বাতিল, গ্র্যাচুইটি ফান্ডের মাধ্যমে পেনশন সুবিধা চালুর প্রক্রিয়া, বেতন-ভাতা বৃদ্ধি এবং সরাসরি ডিজি কোডের মাধ্যমে বেতন প্রদানের উদ্যোগ। পাশাপাশি মাসিক রেশন বৃদ্ধি, গমের পরিবর্তে সমপরিমাণ আটা প্রদান, বাৎসরিক ছুটি বৃদ্ধি, স্বতন্ত্র ও আধুনিক পোশাক প্রবর্তন এবং প্রশিক্ষণব্যবস্থা যুগোপযোগী করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এ ছাড়া সদস্যদের পদক ও স্বীকৃতির সুযোগ বৃদ্ধি, সাহসিকতা ও সাফল্যের ঘটনাগুলো গণমাধ্যমে তুলে ধরা, জরুরি ঋণ ও চিকিৎসাসহায়তা সম্প্রসারণ এবং সাধারণ ক্ষমার আওতায় কিছু সদস্যকে চাকরিতে পুনর্বহালের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সদস্যদের নিজ বিভাগ বা জেলায় পদায়নের সুযোগ সৃষ্টি এবং আধুনিক আবাসন সুবিধা নিশ্চিত করতে ‘প্রত্যয় ব্যারাক’ নির্মাণের উদ্যোগও উল্লেখযোগ্য।
সংশ্লিষ্টদের মতে, দেশের জননিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, দুর্যোগ মোকাবিলা এবং শিল্প ও অর্থনৈতিক নিরাপত্তায় আনসার-ভিডিপির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ ভূমিকা আরও কার্যকর করতে বাহিনীর সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, আধুনিক প্রশিক্ষণ, সুযোগ-সুবিধা সম্প্রসারণ এবং সাংগঠনিক সক্ষমতা জোরদার করা প্রয়োজন।
মহাপরিচালক হিসেবে মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের স্বপদে বহাল থাকার সিদ্ধান্তে বাহিনীর চলমান উন্নয়ন ও সংস্কার কার্যক্রমের ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে সদস্যকল্যাণ, পেশাগত মর্যাদা বৃদ্ধি ও আধুনিকায়নের উদ্যোগ আরও এগিয়ে যাবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
এফপি/মিব