খুলনায় নয় দিনব্যাপী বিভাগীয় বইমেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় নগরীর বয়রায় বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মননশীল সমাজ গঠনে বই মানুষের পরম বন্ধু। আধুনিক যুগে ডিজিটাল মাধ্যমের ওপর মানুষের নির্ভরশীলতা বাড়ায় মুদ্রিত বইয়ের পাঠক কিছুটা কমেছে। তবে এবারের বইমেলায় স্বতঃস্ফূর্তভাবে মানুষের অংশগ্রহণ ও বই কেনার আগ্রহ আশাব্যঞ্জক। অভিভাবক ও শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি মেলাকে প্রাণবন্ত ও সফল করেছে।
তিনি আরও বলেন, গত মঙ্গলবার পর্যন্ত মেলায় প্রায় ২৪ লাখ টাকার বই বিক্রি হয়েছে। বইমেলা উপলক্ষে শিশুদের জন্য আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনকে আরও প্রাণবন্ত করে তুলেছে। মেলার সফল আয়োজন ও বাস্তবায়নে অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো. মনজুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক অনিন্দিতা রায় এবং জাতীয় গ্রন্থকেন্দ্রের উপপরিচালক মো. ফরিদ উদ্দিন সরকার। শুভেচ্ছা বক্তব্য দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাইফুল মল্লিক।
অনুষ্ঠান শেষে বিভাগীয় কমিশনার বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। এ ছাড়া মেলায় অংশগ্রহণকারী প্রকাশনীগুলোর মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী স্টল প্রতিনিধিদের পুরস্কৃত করা হয়।
বইমেলা উপলক্ষে পত্রিকায় অধিকসংখ্যক প্রতিবেদন প্রকাশের জন্য দৈনিক কালবেলার সাংবাদিক মো. নুরুল আমিন এবং দৈনিক আমাদের সময়ের সাংবাদিক মো. হুমায়ুন কবিরকেও পুরস্কার প্রদান করা হয়।
এফপি/মিব