Dhaka, Thursday | 19 November 2026
         
English Edition
   
Epaper | Thursday | 19 November 2026 | English
শিরোনাম:

নাচোলে সাবেক ডিআইজি বিরুদ্ধে জমি দখল ও হয়রানির অভিযোগ

প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৮:০৭ পিএম আপডেট: ১৮.১১.২০২৬ ৮:০৯ পিএম  (ভিজিটর : ৭৭)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জমি জবরদখল ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে সাবেক ডিআইজি মো. নজরুল ইসলাম, তাঁর স্ত্রী ও শ্যালকসহ পাঁচজনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী জমির মালিক মো. আব্দুর রহিম। বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ মডেল প্রেসক্লাবের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে আব্দুর রহিম বলেন, নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের পশ্চিম মির্জাপুর মৌজায় তাঁদের ছয় ভাইয়ের মালিকানাধীন প্রায় ১১ বিঘা জমি রয়েছে। ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে ১০ বছর মেয়াদে আওয়ামী লীগ নেতা আবু হেনা মোস্তফা জামান তাঁদের কাছ থেকে ওই জমি ইজারা নেন। ইজারা নেওয়ার পর সেখানে তিনি আমবাগান গড়ে তোলেন। বাগান দেখাশোনার সুবিধার্থে জমির মালিকদের অনুমতি নিয়ে রাস্তার পাশে দুটি কক্ষবিশিষ্ট একটি বাথানঘর নির্মাণ করেন। ইজারার মেয়াদ শেষ হলে ঘরটি ভেঙে সরিয়ে নেওয়ার শর্ত ছিল।

তিনি আরও অভিযোগ করেন, ইজারার মেয়াদ ২০২৫ সালের ৩১ ডিসেম্বর শেষ হলেও আবু হেনা মোস্তফা জামান বাথানঘরটি সরিয়ে না নিয়ে জোরপূর্বক দখলে রেখেছেন। এ বিষয়ে স্থানীয়ভাবে সালিশ হলেও ঘরটি সরানো হয়নি।

আব্দুর রহিমের দাবি, তাঁর ভাই মো. জামিরুল রহমানের কাছ থেকে তিনটি দাগে মোট ১৩ কাঠা জমি কৌশলে ও প্রলোভন দেখিয়ে কিনে নেন আবু হেনা মোস্তফা জামান। তবে অভিযোগকারীর ভাষ্য অনুযায়ী, ওই জমির বাইরে রাস্তা-সংলগ্ন আরও একটি দাগের ১৩ কাঠা জমি তিনি জোরপূর্বক ভোগদখল করছেন।

লিখিত বক্তব্যে আব্দুর রহিম অভিযোগ করেন, সাবেক ডিআইজি মো. নজরুল ইসলাম ও তাঁর স্ত্রী মোসা. নুপুরের প্ররোচনায় আবু হেনা মোস্তফা জামান জমি ছাড়তে অস্বীকৃতি জানাচ্ছেন। জমি ছেড়ে দেওয়ার কথা বললে তাঁরা সাবেক ডিআইজির প্রভাব দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করেন।

তিনি আরও বলেন, গত ১০ অক্টোবর ২০২৬ তারিখে জমি ছেড়ে দেওয়ার কথা বলা হলে বিবাদীরা তাঁদের ভয়ভীতি দেখান। পরে গত ২৩ অক্টোবর নাচোল থানায় তাঁদের বিরুদ্ধে একটি মামলা করা হয়। তাঁর দাবি, সাবেক ডিআইজির প্রভাব খাটিয়ে তাঁদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করা হয়েছে। বর্তমানে মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করছে।

সংবাদ সম্মেলনে আব্দুর রহিম সাবেক ডিআইজি মো. নজরুল ইসলাম, তাঁর স্ত্রী মোসা. নুপুর, শ্যালক আবু হেনা মোস্তফা জামানসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে জমি দখল, ভয়ভীতি প্রদর্শন ও মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ তোলেন।

তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের কাছে অভিযোগের সুষ্ঠু তদন্ত, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তাঁদের পরিবারের জমি উদ্ধারে প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেন। তবে এসব অভিযোগের বিষয়ে সাবেক ডিআইজি মো. নজরুল ইসলাম, তাঁর স্ত্রী ও অন্য অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। তাঁদের বক্তব্য পাওয়া গেলে তা সংবাদে যুক্ত করা হবে।

এফপি/মিব

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝