Dhaka, Thursday | 19 November 2026
         
English Edition
   
Epaper | Thursday | 19 November 2026 | English
শিরোনাম:

ঝিনাইদহে সন্তানকে স্কুল থেকে ফেরার পথে নারীকে হত্যা, সাবেক স্বামী আটক

প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম  (ভিজিটর : ১৬)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঝিনাইদহ শহরের কলাবাগান বাবর আলী মোড় এলাকায় পারিবারিক বিরোধের জেরে সুমাইয়া আক্তার সোমা (২৬) নামের এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর সাবেক স্বামীর বিরুদ্ধে। বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত সাবেক স্বামী এনামুল হক মেরাজকে আটক করেছে পুলিশ। নিহত সুমাইয়া আক্তার সোমা পাশের কাঞ্চননগর এলাকার সেকেন্দার আলীর মেয়ে।

নিহতের ভাই রাতুল হোসেন জানান, প্রায় আট বছর আগে পারিবারিকভাবে এনামুল হক মেরাজের সঙ্গে তাঁর বোনের বিয়ে হয়। তাঁদের সংসারে ফারহান নামে ছয় বছর বয়সী একটি সন্তান রয়েছে। প্রায় চার বছর আগে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। বিচ্ছেদের পরও মেরাজ তাঁদের এলাকায় যাতায়াত করতেন।

তিনি আরও জানান, বুধবার সকালে সুমাইয়া তাঁর সন্তানকে স্কুল থেকে নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় বাড়ির সামনে সাবেক স্বামী মেরাজ তাঁর মাথায় ইট দিয়ে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের কাছ থেকে অভিযুক্ত এনামুল হক মেরাজকে আটক করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝