Dhaka, Thursday | 19 November 2026
         
English Edition
   
Epaper | Thursday | 19 November 2026 | English
শিরোনাম:

কেসিসিতে নগর দরিদ্রদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে নাগরিক সংলাপ অনুষ্ঠিত

প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৮:৪৬ পিএম  (ভিজিটর : ৭৬)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নগর দরিদ্র জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে সিটি করপোরেশন জনগণের সবচেয়ে কাছের প্রতিষ্ঠান হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে মন্তব্য করেছেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১টায় খুলনা নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে ‘খুলনা মহানগরের দরিদ্র জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা সেবা ও নিরাপত্তার অধিকার নিশ্চিতকরণের মাধ্যমে বৈষম্য হ্রাস’ শীর্ষক নাগরিক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর) বাংলাদেশের সহযোগিতায় কোয়ালিশন ফর দ্য আরবান পুওর (সিইউপি) এ সংলাপের আয়োজন করে।

প্রশাসক বলেন, নগর দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর জন্য বিদ্যমান সামাজিক সুরক্ষা কর্মসূচির পরিধি আরও বাড়ানো প্রয়োজন। প্রকৃত উপকারভোগীদের চিহ্নিত করা, সহজে সেবা পাওয়ার সুযোগ সৃষ্টি এবং সরকারি সামাজিক সুরক্ষা কর্মসূচির সঙ্গে নগর দরিদ্রদের কার্যকরভাবে সম্পৃক্ত করতে হবে। এ জন্য ওয়ার্ডভিত্তিক তথ্যভান্ডার তৈরি, সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. হোসেনুর রহমান ও কেসিসির সচিব মো. রেজা রশীদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিইউপির নির্বাহী পরিচালক খন্দকার রেবেকা সান-ইয়াত।

সামাজিক সুরক্ষার আন্তর্জাতিক ও মানবাধিকারভিত্তিক দিক তুলে ধরেন ওএইচসিএইচআর বাংলাদেশের সহকারী মানবাধিকার কর্মকর্তা ও অর্থনীতিবিদ মো. সালে মোস্তফা।

সংলাপে সমাজসেবা অধিদপ্তর ও মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তারা, খুলনা সিটি করপোরেশনের প্রতিনিধি, নগরীর ৩১টি ওয়ার্ডের কমিউনিটিভিত্তিক সংগঠনের (সিবিও) প্রতিনিধি, শিক্ষাবিদ, গবেষক, নাগরিক সমাজ ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

সংলাপে বক্তারা বলেন, নগর দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে সিটি করপোরেশনকে আরও কার্যকর ও সমন্বিত ভূমিকা পালন করতে হবে। দারিদ্র্য বিমোচন, বৈষম্য হ্রাস এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে নগর দরিদ্রদের জন্য সামাজিক সুরক্ষা, আবাসন, স্বাস্থ্যসেবা, শিক্ষা, নিরাপদ পানি, স্যানিটেশন ও জীবিকার সুযোগ নিশ্চিত করা জরুরি।

অনুষ্ঠানে ধারণাপত্র উপস্থাপন করেন সিইউপির গবেষক ও টেকনিক্যাল অ্যাডভাইজার মো. আমিনুর রাসুল। ধারণাপত্রে বলা হয়, বাংলাদেশের সংবিধানের ১৫(ঘ), ১৭, ১৯ ও ২৮ অনুচ্ছেদ এবং জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশল (এনএসএসএস) সামাজিক সুরক্ষা ও বৈষম্য হ্রাসের গুরুত্বপূর্ণ ভিত্তি। ২০২৬-২০৩৫ মেয়াদের নতুন কৌশলগত কাঠামো কাজে লাগিয়ে নগর দরিদ্রদের সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে আরও অন্তর্ভুক্তিমূলক, সমন্বিত ও জলবায়ু-সহনশীল করতে হবে।

সংলাপে ওয়ার্ডভিত্তিক ঝুঁকিপূর্ণ পরিবারের তথ্যভান্ডার তৈরি, সামাজিক সুরক্ষা সহায়তা কেন্দ্র স্থাপন, নারী ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য প্রবেশগম্য সেবা, প্রবীণ ও শিশুদের সুরক্ষা, কার্যকর অভিযোগ প্রতিকার ব্যবস্থা এবং সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধির সুপারিশ করা হয়।

এ সময় খুলনা মহানগরের জন্য তিন স্তরের সমন্বিত সামাজিক সুরক্ষা মডেল প্রস্তাব করা হয়। এর মধ্যে রয়েছে পরিবারভিত্তিক সহায়তা ও ফ্যামিলি কার্ড, ব্যক্তি ও জীবনচক্রভিত্তিক সহায়তা এবং পেশা ও জলবায়ু ঝুঁকিভিত্তিক সহায়তা। এসব কর্মসূচিকে একটি সমন্বিত সামাজিক তথ্যভান্ডারের আওতায় আনারও সুপারিশ করেন বক্তারা।

বক্তারা আরও বলেন, সামাজিক নিরাপত্তাকে কেবল সহায়তা হিসেবে নয়, বরং মানুষের মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা ও বাস্তবায়ন করতে হবে। নগর দরিদ্রদের অধিকারভিত্তিক সামাজিক সুরক্ষা নিশ্চিত করা গেলে দারিদ্র্য ও বৈষম্য হ্রাসের পাশাপাশি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) ১ থেকে ১১ নম্বর লক্ষ্য অর্জনেও গুরুত্বপূর্ণ অগ্রগতি সম্ভব হবে।

সংলাপের শেষ পর্যায়ে নগর দরিদ্র জনগোষ্ঠীর পক্ষ থেকে কমিউনিটিভিত্তিক সংগঠনের প্রতিনিধিরা প্রধান অতিথির কাছে একটি স্মারকলিপি দেন। এতে ফ্যামিলি কার্ড চালু, বিধবা ও স্বামী পরিত্যক্ত নারীদের ভাতা, ওয়ার্ডভিত্তিক সামাজিক সুরক্ষা সেবাকেন্দ্র স্থাপন, কমিউনিটিভিত্তিক ডে-কেয়ার, নিরাপদ আবাসন, সুপেয় পানি ও স্যানিটেশন, বিনা মূল্যে বা স্বল্প ব্যয়ে স্বাস্থ্যসেবা, শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণ এবং জলবায়ু ঝুঁকিতে থাকা নগর দরিদ্রদের জন্য বিশেষ সহায়তা প্রদানের দাবি জানানো হয়।

এফপি/মিব

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝