কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নতুন ক্যাম্পাস নির্মাণের কাজ আট বছরেও শেষ হয়নি। নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়া, নির্মাণসামগ্রীর দাম বৃদ্ধি এবং নতুন কিছু কাজ যুক্ত হওয়ায় প্রকল্পটির ব্যয় ও মেয়াদ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম সংশোধনী প্রস্তাবে মূল অনুমোদিত ব্যয়ের তুলনায় আরও ২৪২ কোটি ৭ লাখ ৫৯ হাজার টাকা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে প্রকল্পের মেয়াদ ২০২৭ সালের জুন পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।
‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন’ শীর্ষক প্রকল্পটির মূল অনুমোদিত ব্যয় ছিল ১ হাজার ৬৫৫ কোটি ৫০ লাখ টাকা। সংশোধিত প্রস্তাব অনুমোদন পেলে প্রকল্পের মোট ব্যয় দাঁড়াবে ১ হাজার ৮৯৭ কোটি ৫৭ লাখ ৫৯ হাজার টাকা। অর্থাৎ মূল ব্যয়ের তুলনায় প্রকল্পের ব্যয় বাড়বে প্রায় ১৪ দশমিক ৬২ শতাংশ।
আজ বুধবার (১৮ নভেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটির প্রথম সংশোধনী প্রস্তাব উপস্থাপনের কথা রয়েছে। পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, চলতি বছরের ৩ ফেব্রুয়ারি আর্থসামাজিক অবকাঠামো বিভাগের আওতায় অনুষ্ঠিত প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভায় সংশোধিত প্রস্তাবটি যাচাই-বাছাই করা হয়। সভা শেষে প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদনের জন্য একনেকে পাঠানোর সুপারিশ করা হয়। সম্পূর্ণ সরকারি অর্থায়নে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করছে।
পরিকল্পনা কমিশনের নথি অনুযায়ী, কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলায় বাস্তবায়নাধীন প্রকল্পটি ২০১৮ সালের নভেম্বরে অনুমোদন পায়। তখন এর ব্যয় ধরা হয়েছিল ১ হাজার ৬৫৫ কোটি ৫০ লাখ টাকা। প্রকল্পের কাজ শেষ করার প্রাথমিক সময়সীমা নির্ধারণ করা হয়েছিল ২০২৩ সালের জুন পর্যন্ত। তবে নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় প্রথম দফায় ব্যয় না বাড়িয়ে দুই বছর মেয়াদ বাড়ানো হয়। এতে প্রকল্পের সময়সীমা নির্ধারণ করা হয় ২০২৫ সালের জুন পর্যন্ত। কিন্তু বর্ধিত সময়েও প্রকল্পের কাজ পুরোপুরি শেষ করা সম্ভব হয়নি।
এদিকে গণপূর্ত অধিদপ্তরের (পিডব্লিউডি) ২০২২ সালের হালনাগাদ রেট সিডিউল কার্যকর হওয়ায় বিভিন্ন নির্মাণ ও পূর্তকাজের ব্যয় পুনর্নির্ধারণ করতে হয়েছে। পাশাপাশি প্রকল্পের প্রয়োজনীয় কিছু নতুন কাজ যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। এসব কারণে প্রকল্পের ব্যয় বাড়ানোর পাশাপাশি অবশিষ্ট কাজ শেষ করতে মেয়াদ বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে।
সংশোধিত প্রস্তাবে প্রকল্পের আওতায় নতুন করে ১৫টি অঙ্গ যুক্ত করার কথা বলা হয়েছে। এর মধ্যে রয়েছে নিরাপত্তা ব্যারাক, বহিঃঅগ্নিনির্বাপণ ব্যবস্থা, পাম্প হাউস, পানি সঞ্চালন লাইন, বৈদ্যুতিক সংযোগ, বৃক্ষরোপণ ও সৌন্দর্যবর্ধন, পরিবেশগত ছাড়পত্র এবং ব্যাংক চার্জ। অন্যদিকে নতুন রেট সিডিউল অনুযায়ী ছাত্র ও ছাত্রী হল, একাডেমিক ভবন, উপাচার্য ও শিক্ষকদের আবাসিক ভবন, ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি), অডিটোরিয়াম এবং ভূমি উন্নয়নসহ কয়েকটি খাতের ব্যয়ও বেড়েছে।
তবে ব্যয় বাড়ানোর পাশাপাশি সংশোধিত প্রস্তাবে প্রকল্পের কিছু কাজ বাদ দেওয়ার কথাও বলা হয়েছে। বাদ দেওয়ার প্রস্তাব করা কাজের মধ্যে রয়েছে লেকের ওপর সেতু, স্মৃতিস্তম্ভ, ওয়াচ টাওয়ার বা শহীদ মিনার এবং পারিবারিক বিনোদন এলাকা। এ ছাড়া বৈজ্ঞানিক ও টেলিযোগাযোগ যন্ত্রপাতি কেনার বিষয়টিও প্রকল্প থেকে বাদ দেওয়ার প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি ভূমি অধিগ্রহণ, মেডিকেল সেন্টার, স্পোর্টস কমপ্লেক্স, লেক খনন ও জলাধার নির্মাণ, সৌরবিদ্যুৎ এবং গভীর নলকূপসহ আটটি খাতে ব্যয় কমানোর প্রস্তাব রয়েছে।
পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা জানান, ২০১৮ সালে প্রকল্পটি অনুমোদিত হলেও দরপত্র প্রক্রিয়া, ভূমি অধিগ্রহণ ও মাস্টারপ্ল্যান তৈরিতে কয়েক বছর সময় লেগেছে। ফলে নির্ধারিত সময়ে প্রকল্পের কাজ শেষ করা সম্ভব হয়নি। পরবর্তী সময়ে প্রয়োজনীয় কিছু কাজ যুক্ত হওয়ায় ব্যয় বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। একনেকে সংশোধিত প্রস্তাব অনুমোদিত হলে বর্ধিত অর্থ ও সময়ের মধ্যে অবশিষ্ট কাজ শেষ করার উদ্যোগ নেওয়া হবে।
পরিকল্পনা কমিশনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুন পর্যন্ত প্রকল্পটিতে ব্যয় হয়েছে ১ হাজার ৪৩৭ কোটি ৪৭ লাখ ৮৬ হাজার টাকা। সে হিসাবে প্রকল্পটির আর্থিক অগ্রগতি ৮৬ দশমিক ৯২ শতাংশ এবং ভৌত অগ্রগতি ৮৬ দশমিক ৮৩ শতাংশ। অবশিষ্ট কাজ শেষ করতে ২০২৭ সালের জুন পর্যন্ত সময় চাওয়া হয়েছে।
প্রকল্পটির আওতায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের আবাসনসংকট কমানোর পাশাপাশি আধুনিক শিক্ষা ও গবেষণার পরিবেশ তৈরির পরিকল্পনা রয়েছে। এ জন্য ১৯৫ দশমিক ৫২ একর জমি অধিগ্রহণ এবং ১০০ একর জমি উন্নয়নের কথা রয়েছে।
এ ছাড়া ১০ তলাবিশিষ্ট দুটি ছাত্র হল ও দুটি ছাত্রী হল, শিক্ষকদের আবাসিক ভবন, ডরমিটরি এবং কর্মচারীদের আবাসিক ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে। কলা ও মানবিক, বিজ্ঞান, প্রকৌশল এবং ব্যবসায় শিক্ষা অনুষদের জন্য চারটি ১০ তলা একাডেমিক ভবন, ছয় তলা প্রশাসনিক ভবন, ছয় তলা গ্রন্থাগার, পাঁচ তলা টিএসসি, তিন তলা অডিটোরিয়াম ও মেডিকেল সেন্টার, কেন্দ্রীয় মসজিদ এবং সাতটি বৈদ্যুতিক উপকেন্দ্র নির্মাণও এ প্রকল্পের অন্তর্ভুক্ত।
এ বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করিম বলেন, ‘দীর্ঘদিন ধরে উন্নয়ন প্রকল্পের কাজ বন্ধ ছিল। দেশের সংকটময় পরিস্থিতিতেও যাতে শিক্ষাখাতের উন্নয়ন কার্যক্রম ব্যাহত না হয়, সে বিষয়টি বিবেচনায় নিয়ে আগের প্রকল্পের কিছু কাজ কাটছাঁট করা হয়েছে। বাদ দেওয়া কাজগুলো ভবিষ্যতে বাস্তবায়ন করা হবে।’
তিনি আরও বলেন, ‘আমরা আশা করছি, ২০২৭ সালের জুনের মধ্যেই প্রকল্পের কাজ শেষ করতে পারব। প্রকল্পটি পুরোপুরি বাস্তবায়িত হলে শিক্ষক-শিক্ষার্থীদের দীর্ঘদিনের আবাসন ও শ্রেণিকক্ষের সংকট অনেকটাই দূর হবে।’
এফপি/মিব