Dhaka, Thursday | 19 November 2026
         
English Edition
   
Epaper | Thursday | 19 November 2026 | English
শিরোনাম:

ইনানীর লাল কাঁকড়া বিচের ঝাউবাগানে ১৬ অবৈধ দোকান উচ্ছেদ

প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৯:৫৫ পিএম  (ভিজিটর : ১৬)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কক্সবাজারের উখিয়ার ইনানীর লাল কাঁকড়া বিচসংলগ্ন ঝাউবাগান দখল করে গড়ে তোলা ১৬টি অবৈধ দোকান ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করেছে বন বিভাগ ও জেলা প্রশাসন। বুধবার (১৮ নভেম্বর) বিকেলে দুই ঘণ্টাব্যাপী অভিযানে এসব স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। একই সঙ্গে সাম্পান বিচ এলাকায় গড়ে ওঠা দোকানগুলো সরিয়ে নিতে ব্যবসায়ীদের সাত দিনের সময়সীমা বেঁধে দিয়েছে প্রশাসন।

বুধবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ইনানী রেঞ্জের আওতাধীন সোয়ানখালী বিটের বাইল্ল্যাখালী (লাল কাঁকড়া) বিচ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুর রহমান সায়েম অভিযানে নেতৃত্ব দেন।

অভিযান চলাকালে সরকারি বনভূমি ও ঝাউবাগান দখল করে নির্মিত অবৈধ দোকান ও ঝুপড়ি স্থাপনা উচ্ছেদ করা হয়। পাশাপাশি সাম্পান বিচ (সোয়ানখালী নৌকা ঘাট) এলাকায় গড়ে ওঠা দোকানগুলো নিজ উদ্যোগে সরিয়ে নিতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সাত দিন সময় দেওয়া হয়।

অভিযানে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, কমিউনিটি পেট্রোলিং গ্রুপ (সিপিজি), ইমার্জেন্সি রেসপন্স টিম (ইআরটি), আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), পুলিশ ও জেলা প্রশাসনের বিচকর্মীরা অংশ নেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, উপকূলীয় বনভূমি ও প্রাকৃতিক পরিবেশ রক্ষা এবং সরকারি জমির অবৈধ দখল প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সরকারি বনভূমিতে অবৈধ স্থাপনা নির্মাণ থেকে বিরত থাকতে এবং প্রশাসনের নির্দেশনা মেনে চলতে সংশ্লিষ্টদের আহ্বান জানানো হয়েছে।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝