নওগাঁর রাণীনগরে সড়কে গণছিনতাইয়ের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত হাসুয়া, একটি মোবাইল ফোন, ১ হাজার ৩২০ টাকা ও ছিনতাইকারীদের ব্যবহৃত তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
গত বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে বেলঘড়িয়া-বিলকৃষ্ণপুর সড়কের ইসলামের ভিটা এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইকারীরা একটি মোটরসাইকেল থামিয়ে অন্তত আটজন পথচারীকে মারধর করে তাদের কাছ থেকে আটটি মোবাইল ফোন ও ২০ থেকে ২৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময় কয়েকজন পথচারী আহত হন।
ঘটনার পর সুজন হোসেন বাদী হয়ে ওই রাতেই রাণীনগর থানায় মামলা করেন। মামলার পর তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যায় বগুড়ার সান্তাহার চা বাগান কলোনি এলাকা থেকে মনিরুল ইসলাম ওরফে বাইরুল ইসলাম ওরফে বেলাল (৩৮) এবং পরে রাণীনগরের হাতিরপুল এলাকা থেকে নাহিদ হাসান (২২)কে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি হাসুয়া, একটি মোবাইল ফোন ও ১ হাজার ৩২০ টাকা উদ্ধার করা হয়। সোমবার বিকেলে গ্রেপ্তার দুজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল বলেন, ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া মোবাইল ফোন ও টাকা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।