Dhaka, Sunday | 8 November 2026
         
English Edition
   
Epaper | Sunday | 8 November 2026 | English
শিরোনাম:

জাপানি প্রতিষ্ঠানে চাকরির প্রস্তাব পেলেন চার আনসার-ভিডিপি সদস্য

প্রকাশ: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ১১:৩১ এএম  (ভিজিটর : ১৭৬)

জাপানের স্বনামধন্য প্রতিষ্ঠান হিরাটা প্ল্যানিং কোম্পানি লিমিটেডে সরাসরি চাকরির প্রস্তাব পেয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চার প্রশিক্ষিত সদস্য। জাপানি ভাষা, কারিগরি দক্ষতা ও পেশাগত যোগ্যতা যাচাইয়ের প্রথম বিশেষায়িত নিয়োগ পরীক্ষাতেই তাঁরা এ সাফল্য অর্জন করেন।

গত ৭ নভেম্বর গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার-ভিডিপি একাডেমিতে এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। জাপানি প্রতিষ্ঠানটির পরিচালক হিরাটা তোমোহিরো ও বিপণন ব্যবস্থাপক হাসেগাওয়া মিনোরু প্রশিক্ষণার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করেন। এ সময় বাহিনীর প্রকল্প-প্রশিক্ষণ পরিচালক মো. মইনুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকারে সদস্যদের কারিগরি জ্ঞান, জাপানি ভাষায় যোগাযোগের দক্ষতা, শৃঙ্খলাবোধ ও পেশাগত আচরণে সন্তোষ প্রকাশ করেন জাপানি প্রতিনিধিরা। তাঁদের যোগ্যতা ও প্রস্তুতিতে সন্তুষ্ট হয়ে তাৎক্ষণিকভাবে চারজনকে চাকরির প্রস্তাব দেন তাঁরা।

প্রথম নিয়োগ পরীক্ষাতেই সাফল্য

প্রথম নিয়োগ পরীক্ষাতেই সাফল্য







চাকরির প্রস্তাব পাওয়া চার সদস্য হলেন—ময়মনসিংহের হোসনে মোকাম্মেল জিহাদ, সাতক্ষীরার মো. ইমানুর রহমান খান, বগুড়ার মো. রিফাত আলী এবং ফেনীর রফিকুল ইসলাম রবিন। জাপানে চাকরির প্রস্তাব পেয়ে তাঁরা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং এ সুযোগ তৈরির জন্য বাহিনীর কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান।

জানা গেছে, নির্বাচিত সদস্যরা জাপানি ভাষার প্রাথমিক দুই স্তরে মোট ছয় মাসের প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের উদ্যোগে সদস্যদের বিদেশে কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তুলতে ভাষা শিক্ষা, গাড়ি চালনা ও যন্ত্রযান মেরামতের বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম চলছে।

বিদেশে এক লাখ সদস্যের কর্মসংস্থানের লক্ষ্য

বিদেশে এক লাখ সদস্যের কর্মসংস্থানের লক্ষ্য








বাহিনীর পরিকল্পনা অনুযায়ী, আগামীতে এক লাখ সদস্যের বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি গড়ে তোলার পাশাপাশি বৈধ ও নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে বাহিনীর নিজস্ব জনশক্তি নিয়োগকারী প্রতিষ্ঠান ‘প্রান্তিক শক্তি লিমিটেড’-এর জন্য প্রয়োজনীয় লাইসেন্স গ্রহণ করা হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, জাপানি প্রতিষ্ঠানে চার সদস্যের চাকরির প্রস্তাব পাওয়া বাহিনীর বৈদেশিক কর্মসংস্থান উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ সাফল্য। এ উদ্যোগ সদস্যদের আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি দেশের বৈদেশিক আয় বৃদ্ধি এবং আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের দক্ষ জনশক্তির অবস্থান সুদৃঢ় করতে ভূমিকা রাখবে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝