Dhaka, Sunday | 8 November 2026
         
English Edition
   
Epaper | Sunday | 8 November 2026 | English
শিরোনাম:

খুলনায় পিস্তল-গুলিসহ ‘নূর আজিম বাহিনী’র ছয় সদস্য গ্রেপ্তার

প্রকাশ: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ৭:২৭ পিএম আপডেট: ০৮.১১.২০২৬ ৭:৩২ পিএম  (ভিজিটর : ১৫৩)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

খুলনা মহানগরীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ কথিত ‘নূর আজিম বাহিনী’র ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) খুলনা সদর থানা। শনিবার (৭ নভেম্বর) দিবাগত রাত ১২টা থেকে রোববার (৮ নভেম্বর) ভোর ৫টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের একজনের বসতঘর থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সবুজ শেখ (২৮), বিশ্বজিৎ হাওলাদার (২৭), তাসিন ওরফে কাজল (২০), রব্বানী সরদার (২৮), সাইফুল ইসলাম (২০) ও রাসেল শেখ (২৫)।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে সবুজ শেখের দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁর বসতঘরে তল্লাশি চালানো হয়। এ সময় সেখান থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড তাজা গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে পুলিশ জানতে পেরেছে, গ্রেপ্তার ব্যক্তিরা চক্রের কথিত মূলহোতা নূর আজিমের নির্দেশনায় দীর্ঘদিন ধরে খুলনা মহানগরীর বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও কোচিং সেন্টারে গিয়ে ভয়ভীতি ও হুমকি প্রদর্শনের মাধ্যমে চাঁদা দাবি করে আসছিলেন।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ব্যক্তিরা সাম্প্রতিক সময়ে চয়নিকা ফার্মেসি, টুটপাড়ায় অবস্থিত ব্র্যাকের একটি প্রতিষ্ঠান এবং আলোচিত আকাশ কুণ্ডুর ওপর চাঁদার দাবিতে গুলি চালানোর ঘটনার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।

তিনি আরও জানান, বিভিন্ন প্রতিষ্ঠানে চাঁদাবাজি এবং অবৈধ অস্ত্র রাখার অভিযোগে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝