বরগুনা সদর উপজেলার ৬ নম্বর বুড়িরচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা মাহমুদুল হক মাসুম বিল্লাহ আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।
শনিবার (৭ নভেম্বর) সকালে শ্রদ্ধেয় তার বাবা মরহুম হযরত মাওলানা আব্দুর রশীদ (রহ.)-এর কবর জিয়ারতের মধ্য দিয়ে প্রচারণার সূচনা করেন তিনি। পরে সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন এলাকায় অর্ধশতাধিক মোটরসাইকেল নিয়ে শোডাউন করেন।
শোডাউনটি কেওড়াবুনিয়া দরবার শরিফ থেকে শুরু হয়ে ইটবাড়িয়া, পুরাকাটা ফেরিঘাট, কামরাবাদ, হাজার বিঘা, লবণগোলা ও বুলগুনিয়া, শোনাখালী, রায়েরতবকসহ ইউনিয়নের বিভিন্ন সড়ক ও পাড়া-মহল্লা প্রদক্ষিণ করে। পরে তিনি কেওড়াবুনিয়া দরবারে ফিরে উপস্থিত জনসাধারণের উদ্দেশে বক্তব্য দেন।
এ সময় স্থানীয় সাধারণ মানুষের মধ্যে নির্বাচনী প্রচারণা নিয়ে আগ্রহ দেখা যায়। শোডাউনে ইসলামী আন্দোলন বাংলাদেশের স্থানীয় নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দরা জানান, জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং এলাকার মানুষের দোয়া ও সমর্থন কামনার মধ্য দিয়ে তাঁরা নির্বাচনী কার্যক্রম এগিয়ে নিতে চান।
প্রার্থী মাওলানা মাহমুদুল হক মাসুম বিল্লাহ বলেন, আমি বুড়িরচর ইউনিয়নের মানুষের দোয়া ও ভালোবাসা নিয়ে নির্বাচনী কার্যক্রম শুরু করেছি। নির্বাচিত হলে এলাকার মানুষের কল্যাণ, উন্নয়ন এবং জনসেবাকে অগ্রাধিকার দেব।
উল্লেখ্য, মাওলানা মাহমুদুল হক মাসুম বিল্লাহ বরগুনা জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সহসভাপতি। তিনি কেওড়াবুনিয়া দরবারের মরহুম পীর সাহেবের ছোট সাহেবজাদা এবং ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনীত জাতীয় সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন অলি উল্লাহ এর ছোট ভাই হিসেবে পরিচিত।
এফপি/অ