আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার কামারখাড়া ইউনিয়নে নির্বাচনী পথসভা করেছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ জামাল।
শুক্রবার দুপুরে তিনি নেতাকর্মীদের নিয়ে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মালিগাঁও নূর জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। পরে ভাঙ্গনিয়া ও মালিগাঁও এলাকায় পৃথক পথসভায় অংশ নেন। পথসভা শেষে তিনি ইউনিয়ন বিএনপি নেতা জামাল আহমেদের বাসায় মধ্যাহ্নভোজে অংশ নেন।
পথসভায় শেখ জামাল বলেন, "আমি নির্বাচিত হলে কামারখাড়া ইউনিয়নকে মাদক ও সন্ত্রাসমুক্ত এবং একটি উন্নত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করব। মাদক একটি পরিবার ও যুবসমাজকে ধ্বংস করে দিচ্ছে। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। কোনো মাদক কারবারিকে প্রশ্রয় দেওয়া হবে না।"
তিনি আরও বলেন, "আমাদের ইউনিয়নের অনেক শিক্ষিত যুবক বেকার। তাঁদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, কারিগরি প্রশিক্ষণ এবং আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করতে উদ্যোগ নেওয়া হবে। যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলা ও ভালো কাজে সম্পৃক্ত করতে চাই। আমি কথায় নয়, কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে চাই।"
এ সময় উপস্থিত ছিলেন কামারখাড়া ইউনিয়ন বিএনপির ৫ নম্বর ওয়ার্ড সভাপতি বাবুল হালদার, সাধারণ সম্পাদক হামিদ শেখ, ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক জাকির শেখ, ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি আউয়াল শেখ, উপজেলা কৃষক দলের কৃষিবিষয়ক সম্পাদক বাদশা বেপারী, হাসাইল বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আবু কালাম ডাক্তার, উপজেলা ছাত্রদল নেতা রাসেল ঢালীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এফপি/মিব