Dhaka, Friday | 6 November 2026
         
English Edition
   
Epaper | Friday | 6 November 2026 | English
শিরোনাম:

মান্দায় বাংলা কিউআরভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা ও ক্যাম্পেইন অনুষ্ঠিত

প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ৫:১০ পিএম  (ভিজিটর : ১৫)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ক্যাশলেস বাংলাদেশ গঠন, ডিজিটাল লেনদেনের প্রসার এবং নতুন প্রজন্মকে আধুনিক ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত করার লক্ষ্যে নওগাঁর মান্দায় বাংলা কিউআরভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা ও ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দিনব্যাপী সোনালী ব্যাংক পিএলসি, মান্দা শাখার উদ্যোগে ব্যাংক ভবনে এ কর্মশালা ও ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, বগুড়ার অতিরিক্ত পরিচালক মো. আতিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন সোনালী ব্যাংক পিএলসির নওগাঁ প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার কাজী মেহেদী হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক পিএলসি, মান্দা শাখার ব্যবস্থাপক দেওয়ান মো. বদরুদ্দোজা।

কর্মশালায় বাংলা কিউআর প্রযুক্তির ব্যবহার, ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার সুবিধা, নিরাপদ ও দ্রুত লেনদেন এবং নগদ অর্থের ব্যবহার কমিয়ে ক্যাশলেস লেনদেন সম্প্রসারণের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

অনুষ্ঠানের অংশ হিসেবে কয়েকজন তরুণ উদ্যোক্তা ও ব্যবসায়ীর হাতে বাংলা কিউআর কোড প্রদান করা হয়। এর মাধ্যমে স্থানীয় ব্যবসা-বাণিজ্যে ডিজিটাল লেনদেনের সুযোগ সম্প্রসারণ এবং ব্যবসায়ীদের ক্যাশলেস পেমেন্ট ব্যবস্থায় উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়।

এ ছাড়া প্রাথমিক ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের স্টুডেন্ট ব্যাংকিং হিসাব খোলার ফরম ও উপহারসামগ্রী দেওয়া হয়। পাশাপাশি উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের স্টুডেন্ট ব্যাংকিং হিসাব খোলার কার্যক্রম পরিচালনা করা হয়। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা, আর্থিক সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষাজীবনের শুরু থেকেই প্রাতিষ্ঠানিক ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে পরিচিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভাপতির বক্তব্যে দেওয়ান মো. বদরুদ্দোজা বলেন, “ক্যাশলেস বাংলাদেশ কেবল একটি প্রযুক্তিনির্ভর স্বপ্ন নয়; এটি একটি আধুনিক, স্বচ্ছ, নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার প্রত্যাশা। এ লক্ষ্য অর্জনে ব্যাংক, ব্যবসায়ী, উদ্যোক্তা ও সাধারণ গ্রাহক—সবার সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। বাংলা কিউআর সেই অংশগ্রহণকে সহজ ও কার্যকর করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। আমরা চাই, মান্দার ব্যবসায়ী ও উদ্যোক্তারা ডিজিটাল লেনদেনে অভ্যস্ত হবেন এবং নগদ অর্থের বিকল্প হিসেবে নিরাপদ ক্যাশলেস লেনদেনব্যবস্থা গ্রহণ করবেন।”

তিনি আরও বলেন, “একটি সমৃদ্ধ জাতি গঠনে আর্থিক শিক্ষার বিকল্প নেই। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের উদ্যোক্তা, পেশাজীবী ও অর্থনীতির চালিকাশক্তি। তাই শিক্ষাজীবন থেকেই তাদের সঞ্চয়, আর্থিক শৃঙ্খলা ও ব্যাংকিং কার্যক্রম সম্পর্কে সচেতন করে তোলা জরুরি। স্টুডেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক আর্থিক অভ্যাস গড়ে তোলার পাশাপাশি তাদের ভবিষ্যৎ আর্থিক সক্ষমতার ভিত্তি তৈরি করা সম্ভব। আমাদের লক্ষ্য শুধু ব্যাংকিং সেবা প্রদান নয়, বরং একটি সচেতন, প্রযুক্তিবান্ধব ও আর্থিকভাবে অন্তর্ভুক্ত সমাজ গড়ে তুলতে ভূমিকা রাখা।”

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলা কিউআর ব্যবহারের মাধ্যমে ডিজিটাল লেনদেন আরও সহজ, দ্রুত ও নিরাপদ করা সম্ভব। একই সঙ্গে আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণে এ ধরনের প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা প্রকাশ করেন, এ উদ্যোগের ফলে স্থানীয় ব্যবসায়ী, উদ্যোক্তা ও শিক্ষার্থীদের মধ্যে ডিজিটাল ব্যাংকিং এবং আধুনিক আর্থিক সেবার ব্যবহার বাড়বে।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝