মেহেরপুরের গাংনীতে ভুল বিকাশ নম্বরে চলে যাওয়া ৮০ হাজার টাকা সাত মাস পর উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ। অসুস্থ সন্তানের চিকিৎসার জন্য প্রবাস থেকে পাঠানো এ টাকা ফিরে পেয়ে স্বস্তি ফিরেছে রুবিনা খাতুনের পরিবারে। পুলিশের এমন উদ্যোগে খুশি স্থানীয়রাও।
চলতি বছরের ৭ এপ্রিল অসুস্থ সন্তানের চিকিৎসার জন্য প্রবাস থেকে রুবিনা খাতুনের পরিবারের কাছে ৮০ হাজার টাকা পাঠানো হয়। তবে অসাবধানতাবশত টাকাটি অন্য একটি বিকাশ নম্বরে চলে যায়। নম্বরটি ছিল হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ এলাকার এক নারীর। একাধিকবার যোগাযোগ করেও টাকা ফেরত না পেয়ে অবশেষে গাংনী থানা পুলিশের শরণাপন্ন হন রুবিনা খাতুন।
দীর্ঘ সাত মাস পর পুলিশের উদ্যোগে উদ্ধার হয় সেই টাকা। আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে আদালতের শরণাপন্ন হয়ে টাকা উদ্ধারের কার্যক্রম শুরু করে পুলিশ। পরে পুরো ৮০ হাজার টাকা উদ্ধার করে রুবিনা খাতুনের কাছে পৌঁছে দেওয়া হয়।
টাকা ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন রুবিনা খাতুন। তিনি জানান, দীর্ঘদিন টাকা ফেরত না পেয়ে প্রায় আশাই ছেড়ে দিয়েছিলেন। হঠাৎ থানা থেকে ফোন করে টাকা উদ্ধারের খবর জানানো হয়। পরে পুলিশ বাড়িতে এসে টাকা পৌঁছে দিলে তিনি আনন্দিত হন।
স্থানীয়রা জানান, ভুল করে অন্যের কাছে চলে যাওয়া টাকা পুলিশের মাধ্যমে উদ্ধার করে ফেরত দেওয়ার ঘটনা প্রশংসনীয়। পুলিশের এমন উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আস্থা বাড়াবে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) অমিত দেবনাথ বলেন, হারানো টাকাটি হবিগঞ্জের একটি প্রত্যন্ত এলাকায় চলে গিয়েছিল। পরে আদালতের শরণাপন্ন হয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার মাধ্যমে তা উদ্ধার করা সম্ভব হয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, 'দালাল ও প্রতারকমুক্ত থানা গড়তে পুলিশ কাজ করছে। এরই ধারাবাহিকতায় অসহায় পরিবারটির কাছ থেকে কোনো খরচ না নিয়েই হারানো টাকা উদ্ধার করে ফেরত দেওয়া হয়েছে।'
সন্তানের চিকিৎসার জন্য পাঠানো অর্থ ফিরে পেয়ে স্বস্তি ফিরেছে রুবিনা খাতুনের পরিবারে। পুলিশের এ উদ্যোগ স্থানীয়দের কাছে মানবিকতা ও জনসেবার একটি প্রশংসনীয় দৃষ্টান্ত হয়ে উঠেছে।
এফপি/মিব