Dhaka, Thursday | 5 November 2026
         
English Edition
   
Epaper | Thursday | 5 November 2026 | English
শিরোনাম:

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৫:৪১ পিএম  (ভিজিটর : ২১)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পর্তুগাল জাতীয় দলের হয়ে ২৩ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়েছেন ফুটবল মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিও বার্তায় আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্তের কথা জানান ৪১ বছর বয়সী এই পর্তুগিজ তারকা।

নিজের আইকনিক ৭ নম্বর জার্সির প্রসঙ্গ টেনে রোনালদো বলেন, 'পর্তুগালের মানুষের উদ্দেশে বলছি, আমাদের জাতীয় দলের ৭ নম্বর জার্সিটি ফিরিয়ে দেওয়ার সময় এসে গেছে। আমি কখনোই মনে করিনি জার্সিটি শুধু আমার একার ছিল। তবে ২৩ বছর ধরে এটি পরার, রক্ষা করার এবং বিশ্বের বিভিন্ন স্টেডিয়ামে বহন করার সৌভাগ্য ও দায়িত্ব আমার হয়েছে।'

তিনি জানান, সিদ্ধান্তটি নেওয়া সহজ ছিল না। কারণ, কিছু সিদ্ধান্ত শুধু মাথা দিয়ে নয়, হৃদয় দিয়েও নিতে হয়। পর্তুগালের হয়ে দীর্ঘ এই যাত্রায় যাঁরা তাঁর পাশে ছিলেন, তাঁদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

পর্তুগালের জার্সিতে রোনালদো খেলেছেন রেকর্ড ২৩৪টি আন্তর্জাতিক ম্যাচ। করেছেন রেকর্ড ১৪৬টি গোল। পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ম্যাচ খেলা এবং সর্বোচ্চ গোলদাতার বিশ্ব রেকর্ডও তাঁর দখলে।

২০০৩ সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষেকের পর দীর্ঘ ২৩ বছরের ক্যারিয়ারে পর্তুগালকে নেতৃত্ব দিয়েছেন রোনালদো। তাঁর নেতৃত্বে ২০১৬ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ এবং ২০১৯ ও ২০২৫ সালে উয়েফা নেশন্স লিগের শিরোপা জেতে পর্তুগাল।

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে ফুটবলের ইতিহাসে অন্যতম সফল ও বর্ণাঢ্য এক অধ্যায়। তবে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিলেও ক্লাব ফুটবল থেকে অবসরের কোনো ঘোষণা দেননি এই মহাতারকা।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝