Dhaka, Thursday | 29 October 2026
         
English Edition
   
Epaper | Thursday | 29 October 2026 | English
শিরোনাম:

৩৫তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটার পোলো প্রতিযোগিতা শুরু

প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ২:৫৮ পিএম  (ভিজিটর : ২৯)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং ম্যাক্স গ্রুপের পৃষ্ঠপোষকতায় রাজধানীর মিরপুরে সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে শুরু হয়েছে চার দিনব্যাপী ৩৫তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটার পোলো প্রতিযোগিতা-২০২৬।

বুধবার (২৮ অক্টোবর) প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।

প্রতিযোগিতার প্রথম দিনেই দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর সাঁতারুরা। প্রথম দিনে সাঁতারের ১০টি ও ডাইভিংয়ের দুটি ইভেন্ট অনুষ্ঠিত হয়। এর মধ্যে সাঁতারের পাঁচটি এবং ডাইভিংয়ের একটি ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড গড়েছেন প্রতিযোগীরা। প্রথম দিন শেষে বাংলাদেশ নৌবাহিনী ৯টি স্বর্ণ, চারটি রৌপ্য ও পাঁচটি ব্রোঞ্জসহ মোট ১৮টি পদক অর্জন করেছে।

এবারের প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থা, সুইমিং ক্লাব, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি), বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমানবাহিনী ও বাংলাদেশ পুলিশসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ৮০০ খেলোয়াড় ও কর্মকর্তা অংশ নিচ্ছেন।

জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সাঁতারুদের সাফল্যের স্বীকৃতি হিসেবে অনুষ্ঠানে কৃতী সাঁতারুদের আর্থিক পুরস্কার দেওয়া হয়।

থাইল্যান্ডে অনুষ্ঠিত ২০২৬ থাইল্যান্ড এজ গ্রুপ সুইমিং চ্যাম্পিয়নশিপসে বাংলাদেশ নৌবাহিনীর সাঁতারু সামিউল ইসলাম রাফি দুটি স্বর্ণ ও একটি ব্রোঞ্জপদক অর্জন করেন। তাঁর এই সাফল্যের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সুইমিং ফেডারেশনের পক্ষ থেকে তাঁকে আর্থিক পুরস্কার দেওয়া হয়।

এ ছাড়া ভারতের মুর্শিদাবাদে অনুষ্ঠিত ৮০তম বিশ্ব দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতায় বাংলাদেশের সাঁতারুরা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেন। পুরুষদের ১৯ কিলোমিটার ইভেন্টে ফয়সাল আহমেদ স্বর্ণপদক এবং পলাশ চৌধুরী রৌপ্যপদক অর্জন করেন। নারীদের ১৯ কিলোমিটার ইভেন্টে সোনিয়া আক্তার রৌপ্যপদক জেতেন। অন্যদিকে, পুরুষদের ৮১ কিলোমিটার ইভেন্টে পলাশ চৌধুরী রৌপ্যপদক এবং নুরুল ইসলাম ব্রোঞ্জপদক অর্জন করেন। তাঁদের এসব কৃতিত্বপূর্ণ অর্জনের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সুইমিং ফেডারেশনের পক্ষ থেকে আর্থিক পুরস্কার দেওয়া হয়।

বাংলাদেশ নৌবাহিনী দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়ন, দক্ষ খেলোয়াড় তৈরি এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সাঁতার ও ডাইভিংয়ে নৌবাহিনীর ধারাবাহিক সাফল্য নিয়মিত প্রশিক্ষণ, কঠোর শৃঙ্খলা, অধ্যবসায় ও পেশাগত উৎকর্ষের প্রতিফলন। ভবিষ্যতেও এ ধরনের সাফল্য আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের গৌরব ও মর্যাদা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝