Dhaka, Wednesday | 21 October 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 21 October 2026 | English
শিরোনাম:

অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে বাংলাদেশ

প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৫:৫৯ পিএম আপডেট: ২১.১০.২০২৬ ৬:১৮ পিএম  (ভিজিটর : ৫)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশ ও নেপালের যৌথ আয়োজনে আগামী ২১ জানুয়ারি শুরু হচ্ছে ২০২৭ আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টের তৃতীয় আসরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ৬ ফেব্রুয়ারি ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এই প্রতিযোগিতা। এতে অংশ নেবে ১৬টি দল, অনুষ্ঠিত হবে মোট ৪১টি ম্যাচ।

বিশ্বকাপের প্রথম দিনেই মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। ২১ জানুয়ারি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। একই ভেন্যুতে অস্ট্রেলিয়া খেলবে নাইজেরিয়ার বিপক্ষে।

উদ্বোধনী দিনে নেপালের কাঠমান্ডুতেও অনুষ্ঠিত হবে দুটি ম্যাচ। সেখানে শ্রীলঙ্কার প্রতিপক্ষ স্কটল্যান্ড এবং ইংল্যান্ড খেলবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে।

দুইবারের চ্যাম্পিয়ন ভারত তাদের শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে ২২ জানুয়ারি। কাঠমান্ডুর টিইউ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে দলটি। একই দিনে স্বাগতিক নেপাল খেলবে আয়ারল্যান্ডের বিপক্ষে। এ ছাড়া চট্টগ্রামে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ সামোয়া এবং দক্ষিণ আফ্রিকা লড়বে পাকিস্তানের সঙ্গে।

চার গ্রুপে ১৬ দল

অংশগ্রহণকারী দলগুলোকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও নেপাল। ‘বি’ গ্রুপে রয়েছে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, পাকিস্তান ও সামোয়া।

স্বাগতিক বাংলাদেশ খেলবে ‘সি’ গ্রুপে। এই গ্রুপের অন্য তিন দল অস্ট্রেলিয়া, নাইজেরিয়া ও সংযুক্ত আরব আমিরাত। অন্যদিকে, ‘ডি’ গ্রুপে রয়েছে ইংল্যান্ড, শ্রীলঙ্কা, যুক্তরাষ্ট্র ও স্কটল্যান্ড।

গ্রুপ পর্বের খেলা চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত। এরপর চার গ্রুপের শীর্ষ তিনটি করে মোট ১২টি দল নিয়ে শুরু হবে সুপার সিক্স পর্ব। দলগুলো দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। সুপার সিক্সের দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল উঠবে সেমিফাইনালে।

৪ ফেব্রুয়ারি সেমিফাইনাল, ফাইনাল ৬ ফেব্রুয়ারি

টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ৪ ফেব্রুয়ারি চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে। সেমিফাইনালের জন্য ৫ ফেব্রুয়ারি রাখা হয়েছে রিজার্ভ ডে।

এরপর ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ফাইনাল। ম্যাচটি স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে শুরু হওয়ার কথা রয়েছে। ফাইনালের জন্য রিজার্ভ ডে নির্ধারণ করা হয়েছে ৭ ফেব্রুয়ারি।

বাংলাদেশ ও নেপালের তিনটি শহরের চারটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে এবারের বিশ্বকাপ। বাংলাদেশের সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামের পাশাপাশি নেপালের কাঠমান্ডুর টিইউ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এবং আপার মুলপানি আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডে হবে ম্যাচগুলো।

গ্রুপ পর্বে বাংলাদেশের ম্যাচ

নিজেদের মাঠে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। গ্রুপ পর্বে ভালো পারফরম্যান্স করে সুপার সিক্সে জায়গা করে নেওয়াই হবে স্বাগতিক দলের প্রধান লক্ষ্য।

বাংলাদেশের গ্রুপ পর্বের সূচি:

    ২১ জানুয়ারি: বাংলাদেশ বনাম সংযুক্ত আরব আমিরাত
    ২৩ জানুয়ারি: বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া
    ২৫ জানুয়ারি: বাংলাদেশ বনাম নাইজেরিয়া

ঘরের মাঠে দর্শকদের সমর্থন কাজে লাগিয়ে প্রতিযোগিতায় ভালো শুরুর প্রত্যাশা থাকবে বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝