Dhaka, Thursday | 29 October 2026
         
English Edition
   
Epaper | Thursday | 29 October 2026 | English
শিরোনাম:

৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যজোটের লং মার্চে দুটি জনসভা ও ৬টি পথ সভা

প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৩:৩৪ পিএম  (ভিজিটর : ১৭)

আগামী ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্য আয়োজিত আসন্ন ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ কর্মসূচিতে দুটি জনসভায় এবং ৬টি পথসভা অনুষ্ঠিত হবে। ৭ দফা দাবিতে এ কর্মসূচি সফল করার লক্ষ্যে খুলনায় সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে ১৭ টি উপ-কমিটি এবং বিভাগভিত্তিক অর্পিত দায়িত্ব সফলভাবে পালন শুরু করেছে।

আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে খুলনা প্রেসক্লাবে এক প্রেসব্রিফিংয়ে জামায়াতে ইসলামীর খুলনা মহানগর আমীর ও ঐক্য জোট নেতা মাহফুজুর রহমান এ তথ্য তুলে ধরেন।

তিনি বলেন, লং মার্চে খুলনার বাবরী চত্বর (শিবাবাড়ী) ও ফুলতলা বাসস্ট্যান্ডে পৃথক দুটি পথসভা অনুষ্ঠিত হবে। ওই দিন সকালে ঢাকার বায়তুল মোকররম মসজিদের সামনে জনসভার মধ্যদিয়ে কর্মসূচি শুরু হবে। পথিমধ্যে ৬টি পথসভা এবং কুষ্টিয়ায় আরেকটি জনসভার মধ্যদিয়ে তৃতীয় দফার লং মার্চ কর্মসূচি শেষ হবে। 

প্রেস ব্রিফিং এ আরো বলা হয়, আগত লংমার্চের গাড়ি বহরে এক হাজারের অধিক পাজেরো, হাইয়েস, মাইক্রোসহ অন্যান্য গুরুত্বপূর্ণ গাড়ি বহর যুক্ত থাকবে। লং মার্চকে খুলনার প্রবেশ পথ খেকে শুরু করে ফুলবাড়িগেট পর্যন্ত ১৭ পয়েন্টে গাড়ীর বহর নিয়ে স্বাগত জানানো হবে। শিববাড়ী মোড় ও আশপাশের এলাকায় ২০০ মাইকের হর্ণ থাকবে।

এছাড়া ২০টি তোরণ, একশ'টি বড় সাইজের বিল বোর্ড, সাড়ে ১৩ হাজার প্যানা করা হয়েছে। লং মার্চ সফল করার লক্ষ্যে প্রায় তিন লাখ লিফলেট ও ২ হাজার ফেষ্টুন করা হয়েছে। শিববাড়ী মোড়ের পথ সভায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে এবং পথসভাটি জনসভায় রূপান্তরিত হবে বলে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন। কর্মসূচি সফলে ১২শ' স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবে। পথসভা সফল ও সুন্দর করার লক্ষ্যে মূল পথসভাস্থলে ৪৫/২৪ বর্গফুট বিশাল আকৃতির একটি মঞ্চ নির্মাণের কাজ বর্তমানে দ্রুতগতিতে এগিয়ে চলছে। 

প্রেস ব্রিফিং-এ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও খুলনা অঞ্চল পরিচালক অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ এমপি, সহকারী পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক এমপি, টিম সদস্য মাওলানা আবুল কালাম আজাদ এমপি, মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান, সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপি, এনসিপির মহানগর আহবায়ক আহম্মদ  হামিম রাহাত, বাংলাদেশ খেলাফত মজলিসের মহানগর সভাপতি মুফতি শরীফ সাইদুর রহমান, লেবার পার্টির সভাপতি অধ্যক্ষ মো. সাইফুদ্দোহা, বিডিপির মহানগর সভাপতি এডভোকেট মো. হানিফ উদ্দিন, জাগপার সভাপতি খান মো. রাশেদ, মহানগরী জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান প্রমুখ। 

এফপি/অ 
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝