রাসায়নিক অস্ত্র কনভেনশনের (সিডব্লিউসি) ওপর কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রভাব ও এ বিষয়ে করণীয় নিয়ে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশনের (বিএনএসিডব্লিউসি) উদ্যোগে বুধবার (২৮ অক্টোবর) সশস্ত্র বাহিনী বিভাগের মাল্টিপারপাস হলে এ কর্মশালার আয়োজন করা হয়।
কৃত্রিম বুদ্ধি মত্তাভিত্তিক প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে কীভাবে রাসায়নিক অস্ত্র কনভেনশনের বিধিবিধান লঙ্ঘন, নিরাপত্তা ব্যবস্থা বিঘ্নিত এবং রাসায়নিক দুর্ঘটনা ঘটানো সম্ভব, সে বিষয়ে অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া ছিল কর্মশালার অন্যতম উদ্দেশ্য। পাশাপাশি এসব ঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পর্কে তাঁদের অবহিত করা হয়।
তফসিলভুক্ত রাসায়নিক দ্রব্যের আমদানি, ব্যবহার, ক্রয় ও বিক্রয়ের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ও অ্যাসোসিয়েশন থেকে মোট ৩৩ জন প্রতিনিধি কর্মশালায় অংশ নেন।
কর্মশালায় বক্তারা কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপদ ও দায়িত্বশীল ব্যবহারের পাশাপাশি রাসায়নিক দ্রব্যের যথাযথ ব্যবহার নিশ্চিত করার বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা এআই প্রযুক্তির সম্ভাব্য অপব্যবহার রোধ এবং রাসায়নিক নিরাপত্তা জোরদারে সংশ্লিষ্ট সবার সচেতনতা ও সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশনের (বিএনএসিডব্লিউসি) সদস্যসচিব কমডোর এম. কিবরিয়া হক। বক্তব্যে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বৈত-ব্যবহারজনিত চ্যালেঞ্জ মোকাবিলায় বিএনএসিডব্লিউসির সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
কর্মশালা শেষে প্রধান অতিথি অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন।
এফপি/মিব