খুলনা নগরের চানমারি এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ দুজনকে গ্রেপ্তার করেছে এলিট ফোর্স এসআরবি-৬-এর স্পেশাল কোম্পানি। গ্রেপ্তার ব্যক্তিরা শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত আশিক গ্রুপের সদস্য বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে নগরের আহমাদিয়া মাদ্রাসা রোড ও চানমারি শিপইয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ছাহিল মাহমুদ (২৫) ও শাহাদাত হোসেন শুভ (২৩)। ছাহিল মাহমুদ চানমারি বাজার এলাকার সওগাতুল আলম ছগীরের ছেলে। অপরদিকে, শাহাদাত হোসেন শুভ লবণচরা এলাকার মোহাম্মদিয়া পাড়ার বারেক হাওলাদারের ছেলে।
এসআরবি-৬-এর অধিনায়ক নিস্তার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৩টার দিকে এসআরবি-৬-এর সিপিসি স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল নগরের আহমাদিয়া মাদ্রাসা রোড ও চানমারি শিপইয়ার্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। অভিযানে আশিক গ্রুপের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত ওই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি জানান।
তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সংশ্লিষ্ট থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এফপি/মিব