Dhaka, Wednesday | 28 October 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 28 October 2026 | English
শিরোনাম:

চুয়াডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৫:০৫ পিএম আপডেট: ২৮.১০.২০২৬ ৫:০৮ পিএম  (ভিজিটর : ১১)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের বড়বাজার শহীদ হাসান চত্বরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চুয়াডাঙ্গা সার্কেলের উদ্যোগে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার সড়ক নিরাপত্তাবিষয়ক বিভিন্ন তথ্য ও পরামর্শ তুলে ধরেন। মোটরযান চালক, পরিবহন মালিক, সাধারণ যাত্রী ও পথচারীদের সচেতন করতে লিফলেট বিতরণ করা হয়। একই সঙ্গে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সর্বস্তরের মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

পরে বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসন, জেলা পুলিশ ও বিআরটিএর আয়োজনে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। বিআরটিএর চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) লিটন বিশ্বাস সভাটি সঞ্চালনা করেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক লুৎফুন নাহার।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, নিরাপদ সড়ক গড়ে তুলতে কেবল আইন প্রয়োগই যথেষ্ট নয়; প্রয়োজন চালক, পথচারী ও সর্বস্তরের মানুষের সচেতনতা। সড়ক দুর্ঘটনা রোধে সবাইকে ট্রাফিক আইন কঠোরভাবে মেনে চলতে হবে। দক্ষ চালক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে সবাই সতর্ক হলে সড়ক হবে নিরাপদ ও সুন্দর।

এ সময় মাদকাসক্ত বা ক্লান্ত অবস্থায় গাড়ি না চালানো, ঝুঁকিপূর্ণ স্থান ও বাঁকে ওভারটেকিং না করা এবং অপ্রয়োজনে হর্ন বাজানো থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়। নিরাপদ সড়ক গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক সিদ্দিকুর রহমান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোহা. আমজাদ হোসেন, সড়ক বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. মনিরুজ্জামান, ট্রাফিক ইন্সপেক্টর (শহর ও যানবাহন) মো. আমিরুল ইসলাম, চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক রফিকুল ইসলাম, চুয়াডাঙ্গা পৌরসভার লাইসেন্স পরিদর্শক মো. আব্দুল মোহাইমিন, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি এম জেনারেল, জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মইনুদ্দিন, নিরাপদ সড়ক চাই (নিসচা) চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মানিক আকবর ও সাধারণ সম্পাদক জাকির হোসেন।

এ ছাড়া জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বাস ও ট্রাকচালক এবং তাঁদের সহকারী, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও স্থানীয় সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

সভা শেষে পেশাগত দক্ষতা প্রদর্শন ও ট্রাফিক আইন মেনে চলার ক্ষেত্রে নির্বাচিত চারজন দক্ষ চালকের হাতে পুরস্কার ও সম্মাননাপত্র তুলে দেন অতিথিরা।

এফপি/মিব

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝