Dhaka, Wednesday | 28 October 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 28 October 2026 | English
শিরোনাম:

খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৪:১৯ পিএম  (ভিজিটর : ৩০)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে খুলনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল—‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’। সভায় প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নিরাপদ সড়ক চাই আন্দোলন শুরুর তিন দশক পেরিয়ে গেলেও সড়ক এখনো পুরোপুরি নিরাপদ হয়ে ওঠেনি। সড়ক অনিরাপদ থাকার পেছনে বহুমাত্রিক কারণ রয়েছে। এর মধ্যে অর্থনীতিতে টেকসই উন্নয়নের অভাব অন্যতম। তিনি বলেন, গুটিকয়েক মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে গিয়ে আমরা অনেক মানুষের জন্য মৃত্যুফাঁদ তৈরি করছি। কর্মসংস্থান সৃষ্টির প্রক্রিয়ায় যেন সড়ক অনিরাপদ হয়ে না ওঠে, সে বিষয়ে গুরুত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, সড়ক দুর্ঘটনা রোধে নিয়মিত সড়ক মেরামত ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে। মোটরসাইকেলচালকদের দক্ষতা অর্জনের পাশাপাশি ট্রাফিক আইন মেনে চলতে হবে। ফুটপাত দখলমুক্ত করে পথচারীদের চলাচলের উপযোগী পরিবেশ নিশ্চিত করতে হবে। নিরাপদ সড়ক গড়ে তুলতে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ ক্ষেত্রে জনসচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই।

খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) বিভাগীয় পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপপুলিশ কমিশনার (ট্রাফিক) শফিকুল ইসলাম।

সভায় বক্তব্য দেন নিরাপদ সড়ক চাই (নিসচা), খুলনা জেলার সভাপতি তরিকুল ইসলাম, মহানগর শাখার সভাপতি মাহবুবুর রহমান মুন্না, খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি খান জাহিদ হোসেন, ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সারোয়ার রহমান এবং বাস মালিক সমিতির সভাপতি মো. সাইফুল ইসলাম মল্লিক প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিআরটিএ, খুলনার উপপরিচালক প্রকৌশলী তানভীর আহমেদ। খুলনা জেলা প্রশাসন ও বিআরটিএ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

এর আগে দিবসটি উপলক্ষ্যে খুলনা কালেক্টরেট ভবনের সামনে সড়কে একটি রোড শো অনুষ্ঠিত হয়। এতে সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, বিএনসিসি ও রোভার স্কাউটের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

উল্লেখ্য, ২২ অক্টোবর দুর্গাপূজার সরকারি ছুটি থাকায় আজ বুধবার খুলনাসহ দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝