Dhaka, Tuesday | 27 October 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 27 October 2026 | English
শিরোনাম:

জমির পাওনা টাকা চাওয়ায় ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত

প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ২:৪৫ পিএম  (ভিজিটর : ৬)
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সিলেটের বালাগঞ্জে জমি বিক্রির বকেয়া টাকা চাইতে গিয়ে ভাতিজা ও তাঁর পরিবারের সদস্যদের হামলায় মির্জা আবুল হোসেন (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্বজনসহ আরও তিনজন আহত হয়েছেন। তাঁদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়নের মুসলিমাবাদ (ডেকাপুর) গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মির্জা আবুল হোসেনের ছেলে মির্জা জাহাঙ্গীরের অভিযোগ, তাঁর বাবা ও এক চাচার যৌথ মালিকানাধীন কিছু জমি আরেক চাচা মৃত মির্জা ফরিদ হোসেনের ছেলে মির্জা টিটুর কাছে বিক্রি করা হয়েছিল। টিটু জমির আংশিক মূল্য পরিশোধ করে জমির ভোগদখল নিলেও দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরও বাকি টাকা পরিশোধ করেননি।

রোববার বকেয়া টাকা পরিশোধের নির্ধারিত দিন ছিল। দিনভর অপেক্ষার পর রাতে পাওনা টাকা চাইতে গেলে মির্জা টিটু, তাঁর বোন মির্জা জেনিসহ পরিবারের অন্য সদস্যরা আবুল হোসেনের ওপর চড়াও হন বলে অভিযোগ করেন মির্জা জাহাঙ্গীর। একপর্যায়ে টিটু ছুরিকাঘাত করলে তাঁর বাবা গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই প্রাণ হারান বলে তিনি জানান।

এ সময় আবুল হোসেনকে রক্ষা করতে এগিয়ে গেলে তাঁর এক ছেলেসহ নিকটাত্মীয় আরও তিনজন হামলার শিকার হন। আহত ব্যক্তিদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পর বালাগঞ্জ থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। সোমবার ময়নাতদন্ত শেষে মরদেহটি নিজ এলাকায় দাফন করা হয়েছে।

বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ তরফদার জানান, ময়নাতদন্ত শেষে স্থানীয় কবর স্থানে দাফন সম্পন্ন হয়েছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

সোমবার সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝