শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পদ্মা ও যমুনা সেতুসহ দেশের গুরুত্বপূর্ণ সেতু ও টানেলে যানবাহন চলাচল বেড়েছে। তবে সমন্বিত ট্রাফিক ব্যবস্থাপনা ও ২৪ ঘণ্টা নজরদারির ফলে বড় ধরনের যানজট বা দুর্ঘটনা ঘটেনি বলে জানিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।
রোববার (২৫ অক্টোবর) প্রকাশিত এক বিবরণীতে জানানো হয়, ১৯ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ছয় দিনে পদ্মা সেতুতে ১ লাখ ৬০ হাজার ৬১৬টি যানবাহন পারাপার হয়েছে। এ সময়ে টোল আদায় হয়েছে ১৭ কোটি ৭১ লাখ ২৮ হাজার ২৫০ টাকা। গত বছর একই সময়ে সেতুটি দিয়ে ১ লাখ ৩৬ হাজার ৯৭০টি যানবাহন পারাপার হয়েছিল এবং টোল আদায় হয়েছিল ১৫ কোটি ৯২ লাখ ৮০ হাজার ৪৫০ টাকা।
একই সময়ে যমুনা সেতুতে ১ লাখ ৭৩ হাজার ৪০১টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১৪ কোটি ৮২ লাখ ৩৪ হাজার ৯০০ টাকা। গত বছর একই সময়ে যানবাহন পারাপার হয়েছিল ১ লাখ ৪৯ হাজার ৪৬৩টি এবং টোল আদায় হয়েছিল ১২ কোটি ৮৩ লাখ ৯৯ হাজার ১৫০ টাকা।
এ ছাড়া কর্ণফুলী টানেলে ছয় দিনে ২৭ হাজার ৯১৩টি যানবাহন পারাপার হয়েছে এবং টোল আদায় হয়েছে ৭৯ লাখ ২৪ হাজার ৬৫০ টাকা। মুক্তারপুর সেতুতে ৭৮ হাজার ৭৪৬টি যানবাহন পারাপারের বিপরীতে টোল আদায় হয়েছে ৪০ লাখ ১৮ হাজার ৫৫৫ টাকা।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জানায়, উৎসবকালীন নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে সেতু ভবনে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হয়। এর মাধ্যমে ২৪ ঘণ্টা সিসিটিভি পর্যবেক্ষণ, সংশ্লিষ্ট সাইট অফিসগুলোর সঙ্গে সমন্বয় এবং জরুরি সেবা প্রদানের ব্যবস্থা রাখা হয়। যানবাহনের যান্ত্রিক ত্রুটি দেখা দিলে দ্রুত ব্যবস্থা নিয়ে চলাচল স্বাভাবিক রাখার উদ্যোগ নেওয়া হয়।
সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ যমুনা সেতুর কার্যক্রম পরিদর্শন করে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
কর্তৃপক্ষের মতে, গত বছরের তুলনায় এবার কয়েকটি গুরুত্বপূর্ণ সেতুতে যানবাহনের চাপ বাড়লেও বড় ধরনের যানজট সৃষ্টি হয়নি। এ ক্ষেত্রে সাইট অফিস, স্থানীয় প্রশাসন, পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।ৎ
এফপি/অ