Dhaka, Saturday | 24 October 2026
         
English Edition
   
Epaper | Saturday | 24 October 2026 | English
শিরোনাম:

সরাইল থানায় রুমিন-ওসির বাগ্‌বিতণ্ডা, পুলিশের জিডি

প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ২:৩২ পিএম  (ভিজিটর : ১১)

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানায় স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের ভূঁইয়ার মধ্যে বাগ্‌বিতণ্ডার ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে পুলিশ। একই সঙ্গে সংসদ সদস্যের সঙ্গে থানায় যাওয়া ব্যক্তিদের তালিকা তৈরি করা হচ্ছে।

গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নেতা-কর্মীদের নিয়ে সরাইল থানায় ওসির কক্ষে যান ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। সেখানে তাঁর সঙ্গে ওসির উত্তপ্ত বাক্যবিনিময় হয়। পরে ঘটনাটির একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ঘটনার রাতেই থানায় জিডি করা হয় বলে নিশ্চিত করেছেন ওসি মঞ্জুর কাদের ভূঁইয়া। তিনি জানান, থানায় আসা ব্যক্তিদের তালিকা তৈরি করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

রুমিন ফারহানার কর্মী-সমর্থকদের অভিযোগ, কয়েক দিন ধরে সংসদ সদস্যের সঙ্গে ওসির দূরত্ব তৈরি হয়েছে। তাঁদের দাবি, সংসদ সদস্য ও তাঁর ব্যক্তিগত সহকারী (পিএস) জাকির হোসেন ফোন করেও ওসির সাড়া পাননি। নিরাপত্তা চেয়েও সাড়া মেলেনি বলে অভিযোগ তাঁদের।

রুমিন ফারহানা জানান, ওসির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ নিয়ে আলোচনা করতেই তিনি থানায় গিয়েছিলেন। অভিযোগগুলোর তালিকা নিয়ে গেলেও ওসি সন্তোষজনক উত্তর দিতে পারেননি বলে দাবি করেন তিনি।

এদিকে ওসির বিরুদ্ধে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেওয়ার কথা জানিয়েছেন রুমিন ফারহানার ব্যক্তিগত সহকারী জাকির হোসেন। তাঁর ভাষ্য, বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝