ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অভিযান চালিয়ে ২২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৩ অক্টোবর) উপজেলার কায়েমপুর ইউনিয়নের কামালপুর গ্রামের বেলতলী এলাকায় কদমতলী-নয়নপুর সড়ক থেকে এসব গাঁজা উদ্ধার করা হয়।
কসবা থানা-পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, এসআই সাজ্জাদ উল করিমের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে কামালপুর গ্রামের বেলতলীতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মো. সোহাগ মিয়া সরকার (৪২) ও তাঁর সঙ্গে থাকা অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি পালিয়ে যান বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
পরে ঘটনাস্থলে ফেলে যাওয়া ২২ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। পলাতক সোহাগ মিয়া সরকার কায়েমপুর ইউনিয়নের কামালপুর গ্রামের সিঙ্গাপুর মার্কেটসংলগ্ন এলাকার মৃত সুলতান মিয়া সরকারের ছেলে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ বলেন, আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। পলাতক দুজনকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।
এফপি/অ