Dhaka, Friday | 23 October 2026
         
English Edition
   
Epaper | Friday | 23 October 2026 | English
শিরোনাম:

শেখ হাসিনার দেশে ফেরার প্রচারে মাইকিং, মান্দায় আটক ২

প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৭:৫৮ পিএম আপডেট: ২৩.১০.২০২৬ ৮:০২ পিএম  (ভিজিটর : ১১)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নওগাঁর মান্দা উপজেলায় আগামী ডিসেম্বরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন-এমন প্রচার চালিয়ে মাইকিং করার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় প্রচারে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশাও জব্দ করা হয়েছে।

শুক্রবার বিকেলে আটকের বিষয়টি নিশ্চিত করেন মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন। তিনি জানান, আটক ব্যক্তিরা বর্তমানে থানা হেফাজতে রয়েছেন।

আটক ব্যক্তিরা হলেন মান্দা উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের রাঙ্গামাটিয়া গ্রামের মৃত আব্দুল জলিল প্রামাণিকের ছেলে মো. শহিদুল ইসলাম শহীদ (৪৩) এবং নবগ্রাম তালাপাড়া গ্রামের মৃত গমা সরকারের ছেলে মো. আব্দুল জলিল সরকার (৫০)। জানা গেছে, শহিদুল কাঁশোপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এবং আব্দুল জলিল সরকার মান্দা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার উপজেলার কালিকাপুর ইউনিয়নের জয়বাংলা মোড় এলাকায় একটি ব্যাটারিচালিত অটোরিকশায় মাইক লাগিয়ে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে প্রচার চালানো হয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, চলন্ত অটোরিকশায় মাইক লাগিয়ে এক যুবক প্রচার চালাচ্ছেন। মাইকিংয়ের শুরুতে মান্দা উপজেলাবাসীকে সালাম জানানোর পাশাপাশি অন্যান্য ধর্মাবলম্বী ও জাতিগোষ্ঠীর মানুষের প্রতি শুভেচ্ছা জানানো হয়। এরপর আগামী ডিসেম্বর মাসে শেখ হাসিনা দেশে ফিরবেন বলে দাবি করা হয়। একই সঙ্গে দলমত-নির্বিশেষে তাঁকে স্বাগত জানানোর আহ্বান জানিয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়া হয়।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি নজরে আসার পর জেলা পুলিশ ও মান্দা থানা পুলিশ অভিযান শুরু করে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। প্রচারে ব্যবহৃত অটোরিকশাটিও জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মী কিংবা সমর্থকেরা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝