Dhaka, Saturday | 24 October 2026
         
English Edition
   
Epaper | Saturday | 24 October 2026 | English
শিরোনাম:

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই: কেসিসি প্রশাসক মঞ্জু

প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৭:৪৭ পিএম  (ভিজিটর : ৭৮)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সৌখিন বাগানিদের বৃক্ষমেলা ও প্রদর্শনী-২০২৬ শুক্রবার উদ্বোধন করা হয়েছে। খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু শুক্রবার সকালে নগরীর শহীদ হাদিস পার্কে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলা ও প্রদর্শনীর উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক বলেন, গাছের পরিচর্যা করা, গাছকে লালন-পালন করা এবং উপহার হিসেবে অন্যকে গাছ দেওয়ার মধ্যে এক ধরনের আনন্দ রয়েছে। এই আনন্দ থেকেই শহরের ব্যস্ত জীবনের মধ্যেও অনেকেই ছাদবাগান গড়ে তুলেছেন।

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই উল্লেখ করে প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী এ কারণেই পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছেন। এ উদ্যোগের অংশ হিসেবে খুলনা সিটি করপোরেশনও নগরীতে ২৫ হাজার গাছের চারা রোপণ করেছে। পাশাপাশি এক লাখ বৃক্ষের বন গড়ে তোলার লক্ষ্যে বিকাশের সঙ্গে চুক্তি করা হয়েছে।

তিনি বাড়ি নির্মাণের সময় বৃক্ষরোপণের জন্য জায়গা রাখা এবং ফ্ল্যাটবাড়ির ছাদে গাছ লাগানোর জন্য সবার প্রতি আহ্বান জানান।

‘হবে সবুজ পৃথিবী, সুন্দর জীবন—যদি করি বৃক্ষরোপণ’ প্রতিপাদ্য নিয়ে সামাজিক ও পরিবেশবাদী সংগঠন ‘সবুজে হাসি-সবুজে বাঁচি’ দ্বিতীয়বারের মতো এ কর্মসূচির আয়োজন করেছে। আগামী ২৫ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এ প্রদর্শনী চলবে।

অনুষ্ঠানে প্রশাসক ছাদবাগানিদের মধ্যে সনদপত্র বিতরণ করেন এবং মেলায় প্রদর্শিত বিভিন্ন প্রজাতির গাছের স্টল ঘুরে দেখেন।

সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. আমিরুল খসরুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক রানা আকন্দ। অনুষ্ঠানে সংগঠনের অন্যান্য সদস্য ও ছাদবাগানিরা উপস্থিত ছিলেন।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝