গাজীপুরের কালীগঞ্জে ১২ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণের অভিযোগে চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপর অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, গ্রেপ্তার তিনজনকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী শিশুটির স্বাস্থ্য পরীক্ষাও সম্পন্ন হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় পাঁচ মাস ধরে বিভিন্ন সময়ে শিশুটিকে প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করা হয় বলে তার মা অভিযোগ করেছেন। একপর্যায়ে শিশুটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
শিশুটির মায়ের অভিযোগ, অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি অভিযুক্ত আহাদকে (২১) জানালে তিনি গর্ভপাত ঘটানোর উদ্দেশ্যে ওষুধ এনে দেন। ওই ওষুধ সেবনের পর বুধবার (২১ অক্টোবর) ভোর ৪টার দিকে শিশুটির গর্ভপাত হয় বলে দাবি করেন তিনি।
পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মামলায় অভিযুক্তদের মধ্যে আহাদ (২১), শামীম (৪২) ও নজরুল ইসলাম (৪৫) কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের বাসিন্দা। অপর অভিযুক্তের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
পুলিশ জানিয়েছে, পলাতক অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। মামলার তদন্তের মাধ্যমে অভিযোগের বিস্তারিত তথ্য যাচাই করা হচ্ছে।
এফপি/মিব